সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটে ধুন্ধুমার, অতিবামদের রুখতে শুভেন্দুর বিস্ফোরক আক্রমণ – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে (SRFTI) একটি প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের ডাকা এই মিছিল অজয়নগর মোড় থেকে শুরু হয়ে ক্যাম্পাসের মূল গেটে পৌঁছালে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, গেট ধাক্কাধাক্কি এবং দু’পক্ষের ইট-বোতল ছোড়াছুড়ির ঘটনায় দেবাশিস সেনশর্মা নামে এক অধ্যাপক আহত হন। ইতিপূর্বে ক্যাম্পাসে বামপন্থী সংগঠনের বিরুদ্ধে ধর্মীয় ছবি ছেঁড়ার অভিযোগ উঠেছিল, যার প্রতিবাদেই এই বিক্ষোভ সভার আয়োজন করা হয়েছিল।
এই ঘটনাকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারী অতিবামদের তীব্র ভাষায় আক্রমণ করেছেন। তিনি দাবি করেন, তথাকথিত ধর্মনিরপেক্ষতার অজুহাতে বারেবারে হিন্দুদের ওপর আক্রমণ চালানো হচ্ছে এবং রাজ্যে নতুন করে শাস্ত্রীয় ও আধ্যাত্মিক জাগরণ শুরু হওয়ায় অতিবামেরা আতঙ্কিত হয়ে পড়েছে। তাঁর মতে, উন্নয়নের প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে এই গোষ্ঠী পরিকল্পিতভাবে রাজ্যে অশান্তি ও অস্থিরতা তৈরি করতে চাইছে। সমগ্র ঘটনাটি ঘিরে বর্তমানে ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে।
