পনেরো বছর পর শাহরুখের সঙ্গে করিনা! মেগাবাজেট ‘কিং’-এ কোন চমক রাখছেন বেবো? – এবেলা

এবেলা ডেস্কঃ
বলিউডের বহুপ্রতীক্ষিত মেগাবাজেট ছবি ‘কিং’ নিয়ে উন্মাদনার পারদ প্রতিনিয়ত চড়ছে। এই সিনেমার হাত ধরে দীর্ঘ পনেরো বছর পর পর্দায় একসঙ্গে ফিরছেন শাহরুখ খান ও করিনা কাপুর খান। এর আগে ২০১১ সালে ‘রা ওয়ান’ ছবিতে শেষবার তাঁদের জুটি বেঁধে কাজ করতে দেখা গিয়েছিল। বিগ বাজেট এই প্রজেক্টে শাহরুখের পাশাপাশি অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায় ও সুহানা খানের মতো তারকারা অভিনয় করছেন। তবে এই বিশাল তারকাবহুলের ভিড়ে করিনা কাপুরের অন্তর্ভুক্তি ছবিটির আকর্ষণ আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
বলিপাড়ায় গুঞ্জন রয়েছে, ‘কিং’ সিনেমায় কোনো দীর্ঘ চরিত্রের পরিবর্তে একটি বিশেষ আকর্ষণে ধরা দেবেন বেবো। জানা গেছে, শচীন-জিগরের সুরে ‘ড্যাডি কুল’ নামের একটি জমকালো গানে শাহরুখ খানের সঙ্গে পারফর্ম করবেন তিনি। চলতি মাসের শেষের দিকে দক্ষিণ আফ্রিকায় পাঁচ দিনের শিডিউলে এই আইটেম গানটির শুটিং হওয়ার কথা রয়েছে। গানটিতে এক আন্তর্জাতিক শিল্পীর কণ্ঠ থাকার গুঞ্জনও শোনা যাচ্ছে, যা নিয়ে অনুরাগীদের কৌতূহল এখন তুঙ্গে।
