২১৫ কোটির কেলেঙ্কারি ও বিদেশি ইঞ্জিনিয়ারের আত্মহত্যা, ২০ বছর পর কেন ঘোর বিপদে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ? – এবেলা

২১৫ কোটির কেলেঙ্কারি ও বিদেশি ইঞ্জিনিয়ারের আত্মহত্যা, ২০ বছর পর কেন ঘোর বিপদে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ? – এবেলা

এবেলা ডেস্কঃ

২০০৬ সালের ২১৫ কোটি টাকার বিশ্বব্যাঙ্ক অর্থপুষ্ট রাস্তা পুনর্নির্মাণ প্রকল্পকে কেন্দ্র করে ফের বিপাকে বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেই সময় কেরলের পিডব্লিউডি সচিব পদমর্যাদায় থাকা জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে কাজের বিল মেটাতে ঘুষ চাওয়া ও মানসিক হয়রানির গুরুতর অভিযোগ উঠেছিল। এই প্রকল্পের সঙ্গে যুক্ত মালয়েশীয় সিভিল ইঞ্জিনিয়ার লি সি বীন আত্মহত্যা করার পর তাঁর উদ্ধার হওয়া সুইসাইড নোটে তৎকালীন এই আইএএস আধিকারিকের নাম উঠে আসে। সেই ঘটনার প্রায় দুই দশক পর কংগ্রেস নেতা মালয়িনকিঝু ভেনুগোপালের আবেদনের প্রেক্ষিতে কেরলের ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি কোরাপশন ব্যুরোকে নতুন করে প্রাথমিক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

কেরল রাজ্য সরকার স্পষ্ট জানিয়েছে, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, বরং তথ্যের ভিত্তিতেই আগের বন্ধ হয়ে যাওয়া তদন্ত ও আত্মহত্যার কারণ পুনর্মূল্যায়ন করা হবে। অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে; বিজেপির দাবি, নির্বাচন কমিশনকে নিশানা করতেই রাজ্য সরকার পুরনো মামলাটিকে বেছে বেছে ব্যবহার করছে। তারা তৎকালীন পিডব্লিউডি মন্ত্রীকেও এই তদন্তের আওতায় আনার জোর দাবি জানিয়েছে। সব মিলিয়ে দুই দশক পুরনো এই ঘুষ ও প্ররোচনার মামলাটি নতুন করে সামনে আসায় জাতীয় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *