অন্ধ্রপ্রদেশে ভয়াবহ খরা: রাজ্য জুড়ে হাহাকার, পরিস্থিতি সামাল দিতে সরকারের বড় পদক্ষেপ! – এবেলা

এবেলা ডেস্কঃ
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর ঘাটতি ও এল নিনোর প্রভাবে চরম খরা পরিস্থিতির মুখে পড়েছে অন্ধ্রপ্রদেশ। রাজ্য বিপর্যয় মোকাবিলা বিভাগের রিপোর্ট অনুযায়ী, জুন থেকে অগস্ট পর্যন্ত স্বাভাবিক ৪২৪.৩ মিলিমিটারের বদলে বৃষ্টি হয়েছে মাত্র ১৯৭.৬ মিলিমিটার, যা প্রায় ৫৩.৪ শতাংশ কম। সাধারণ সময়সীমার আগেই রাজ্যের ২৬টি জেলার মধ্যে ২১টির ৩৮৮টি মণ্ডলকে খরাকবলিত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২৮৩টি মণ্ডলের অবস্থা অত্যন্ত গুরুতর। কুরনূল, অনন্তপুরম, চিত্তূরসহ আক্রান্ত এলাকাগুলোতে চাষবাস ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় দ্রুত পদক্ষেপ করেছে রাজ্য সরকার।
পরিস্থিতি মোকাবিলায় মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু ওয়াইএসআর কডপা জেলায় ‘জল জীবন প্রকল্প ২.০— অমরজীবী জলধারা’ ঘোষণা করেছেন। গোদাবরী নদীর অতিরিক্ত জল সঠিক ব্যবহারের মাধ্যমে রায়লসীমা অঞ্চলকে পুনরুজ্জীবিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। তবে নেল্লোর জেলাকে বাদ দেওয়া এবং সিদ্ধান্ত গ্রহণে বিলম্বের অভিযোগে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছে প্রধান বিরোধী দল ওয়াইএসআরসিপি। রাজনৈতিক তরজার মাঝেই খরাকবলিত অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ পৌঁছে দিতে ব্যস্ত প্রশাসন।
