সত্তর দশকের সবাইকে কি ফেরত পাঠানো সম্ভব? বাংলাদেশি সন্দেহে আটক ব্যক্তিকে নিয়ে প্রশ্ন হাইকোর্টের! – এবেলা

সত্তর দশকের সবাইকে কি ফেরত পাঠানো সম্ভব? বাংলাদেশি সন্দেহে আটক ব্যক্তিকে নিয়ে প্রশ্ন হাইকোর্টের! – এবেলা

এবেলা ডেস্কঃ

বাংলাদেশি সন্দেহে প্রায় দু মাস ধরে এক ব্যক্তিকে আটকে রাখার ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলার শুনানি চলাকালীন প্রশ্ন তোলা হয়, উপযুক্ত আইনি প্রক্রিয়া অনুসরণ না করে কাউকে কীভাবে আটকে রাখা যায়? একই সঙ্গে আদালত অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে জানতে চায়, ১৯৭০-এর দশকে সীমান্ত পেরিয়ে এ দেশে আসা সমস্ত মানুষকে কি আদৌ ফেরত পাঠানো সম্ভব? সীমান্তবর্তী জেলাগুলিতে এমন বহু মানুষ বসবাস করেন, যাঁদের ক্ষেত্রে এই আইনি জটিলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গত ৮ আগস্ট থেকে সংশ্লিষ্ট ব্যক্তিকে বাংলাদেশি সন্দেহে আটকে রাখা হয়েছে। তাঁর নাগরিকত্ব প্রমাণে পেশ করা তথ্যের সত্যতা এবং পরিবারের বক্তব্যের ভিত্তি নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। এদিকে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসার কীভাবে ডিপোর্টেশন অর্ডার জারি করলেন, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করা হয়। উভয় পক্ষের সওয়াল শোনার পর মামলাটি স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৪ অক্টোবর বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *