উৎসবের মুখেও কি ভিজবে বাংলা, মহালয়ার ভোরে আবহাওয়ার বড় চমক! – এবেলা
এবেলা ডেস্কঃ
দুর্গাপূজার আমেজ রাজ্যজুড়ে ছড়িয়ে পড়লেও পিছু ছাড়ছে না আসাময়ের বৃষ্টি। পশ্চিমবঙ্গ থেকে বর্ষা ঠিক কবে বিদায় নেবে, তা নিয়ে এখনও নিশ্চিত করে কিছু জানাতে পারেননি আবহাওয়াবিদরা। ফলে পূজাপ্রেমী ও তর্পণকারীদের নজর এখন আবহাওয়া দফতরের আপডেটের দিকে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আপাতত শুক্রবার পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি, উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও দক্ষিণ দিনাজপুরের মতো জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
তবে মহালয়ার দিন অর্থাৎ ১০ অক্টোবর থেকে পরিস্থিতির লক্ষণীয় পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শনিবার থেকে কলকাতায় বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে এবং মূলত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই মহালয়ার সকাল থেকে বৃষ্টি কমে পরিবেশ শুষ্ক হওয়ার সম্ভাবনা বেশি, যদিও দু-এক জায়গায় অত্যন্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। অন্যদিকে, মহালয়ার দিনে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কিছুটা থেকেই যাচ্ছে। সব মিলিয়ে, ১০ থেকে ১৪ অক্টোবরের মধ্যে রাজ্য থেকে বর্ষা বিদায়ের অনুকূল পরিবেশ তৈরি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা।
