আরজি কর কাণ্ডে মুখ্যমন্ত্রী শুভেন্দুর মুখোমুখি নিহত চিকিৎসকের মা! মঞ্চেই স্বাস্থ্যসচিবকে নিয়ে বিস্ফোরক বিধায়ক রত্না – এবেলা

এবেলা ডেস্কঃ
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আয়োজিত নবম ‘মেডিভিশন ন্যাশনাল কনভেনশন’-এর মঞ্চে স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের বিরুদ্ধে সরব হলেন নির্যাতিতা চিকিৎসকের মা তথা জলহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতেই তিনি সরাসরি প্রশ্ন তোলেন, হত্যাকাণ্ডের পর কার নির্দেশে রাতারাতি সেদিনের ঘটনাস্থল ও শৌচাগারের দেওয়াল ভেঙে সংস্কার করা হয়েছিল? তিনি অভিযোগ করেন, প্রমান লোপাটের নেপথ্যে থাকা সেই স্বাস্থ্যসচিব আজও কীভাবে নিজের পদে বহাল তবিয়তে বসে রয়েছেন। এই ধরনের আধিকারিকেরা পদে থাকলে সাধারণ মানুষ কীভাবে বিচার পাবে এবং এই ঘটনার ন্যায়বিচার না মিললে স্বাস্থ্যদপ্তর কখনো দুর্নীতিমুক্ত হবে না বলেও তিনি দাবি জানান।
মঞ্চে বিধায়কের এই বিস্ফোরক অভিযোগের পরপরই দ্রুত পদক্ষেপের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানান, অভিযোগের সত্যতা নিজে খতিয়ে দেখবেন এবং তথ্য প্রমাণিত হলেই অবিলম্বে নারায়ণ স্বরূপ নিগমকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, স্বাস্থ্যদপ্তরের নির্দেশের পর সংস্কারের কাজটি বাস্তবে করেছিল পূর্ত দপ্তর। তাই ঠিক কার নির্দেশে এবং কী উদ্দেশ্যে এই ভাঙচুর ও সংস্কার কাজ চালানো হয়েছিল, তা নিশ্চিত করতে পূর্ত দপ্তরের ভূমিকাও নিরপেক্ষভাবে তদন্ত করে দেখা হবে।
