ফলের গায়ের স্টিকার স্রেফ তুলে ধুয়ে নিচ্ছেন? বড় ভুল এড়াতে কী পরামর্শ দিল FSSAI! – এবেলা

ফলের গায়ের স্টিকার স্রেফ তুলে ধুয়ে নিচ্ছেন? বড় ভুল এড়াতে কী পরামর্শ দিল FSSAI! – এবেলা

এবেলা ডেস্কঃ

বাজার থেকে আপেল, কমলালেবু বা নাশপাতি কিনে এনে গায়ের ছোট্ট স্টিকারটি খুলে শুধু জল দিয়ে ধুয়ে খেয়ে নেওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে। তবে এই অভ্যাসে বদল আনার পরামর্শ দিচ্ছে ভারতীয় খাদ্য সুরক্ষা ও মানক কর্তৃপক্ষ (FSSAI)। সংস্থাটির মতে, ফলের গায়ের স্টিকার স্রেফ ছাড়িয়ে ধুয়ে ফেলা মোটেই যথেষ্ট নয়।

স্টিকারের আঠা হতে পারে ক্ষতিকর সাধারণত সুপারমার্কেট বা ফলের দোকানে আপেল বা অন্যান্য ফলের গায়ে ছোট ছোট স্টিকার দেখা যায়। এতে থাকা বিশেষ কোডের সাহায্যে ফলের ধরণ, উৎস ও দাম নির্ধারণ করা হয়। তবে এই স্টিকার বা এর আঠা একেবারেই খাওয়ার যোগ্য (Edible) নয়। শুধু জল দিয়ে ধুলে ফলের গায় লেগে থাকা ক্ষতিকর আঠার অবশিষ্টাংশ পুরোপুরি ওঠে না; অনেক সময় এই আঠা ফলের খোসার গভীরেও ছড়িয়ে যেতে পারে।

খাওয়ার আগে কী করবেন? FSSAI-এর গাইডলাইন অনুযায়ী ফল খাওয়ার ক্ষেত্রে কয়েকটি সহজ ধাপ মেনে চলা উচিত:

  • স্টিকার আলাদা করুন: প্রথমে ফলের গা থেকে স্টিকারটি তুলে নিন।
  • আঠার অংশটি কেটে বাদ দিন: যে জায়গায় স্টিকারটি লাগানো ছিল, সেই অংশের খোসা ছাড়িয়ে নিন অথবা সামান্য অংশ চাকু দিয়ে কেটে ফেলে দিন।
  • ভালো করে ধুয়ে নিন: এরপর পুরো ফলটি পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে তারপর পরিবেশন করুন। আপেলের মতো যেসব ফল খোসা-সহ খাওয়া হয়, সেগুলির ক্ষেত্রেও স্টিকারের অংশটুকু কেটে বাদ দেওয়া নিরাপদ।

ভুলবশত স্টিকারসহ ফল খেয়ে ফেললে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে দীর্ঘমেয়াদে আঠার ক্ষতিকর রাসায়নিক এড়িয়ে চলতে খাওয়ার আগে এই সামান্য সতর্কতা অবলম্বন করা জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *