উৎসবের মরসুমে কি ফের দুর্যোগের কালো মেঘ! পুজোয় ভাসবে কি বাংলা? – এবেলা

এবেলা ডেস্কঃ
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপের ভ্রূকুটিতে পুজোর আনন্দ ম্লান হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। থাইল্যান্ড উপসাগর ও সংলগ্ন এলাকায় থাকা ঊর্ধ্ব বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্তটি আগামী ১১ অক্টোবর আন্দামান সাগরে পৌঁছে ১৩ অক্টোবর নাগাদ বঙ্গোপসাগরে নিম্নচাপে রূপ নিতে পারে। যদিও এর প্রত্যক্ষ প্রভাব সরাসরি বাংলার ওপর পড়ার সম্ভাবনা কম, তবুও আবহাওয়া দফতর এখনই সম্পূর্ণ স্বস্তির বার্তা দিচ্ছে না। মহালয়া ও প্রাক্-পুজোয় বর্ষার বিদায়ঘণ্টা বাজলেও আবহাওয়ার এই খামখেয়ালি আচরণে দুর্গাপুজোর দিনগুলিতে বৃষ্টির পূর্বাভাস নিয়ে চিন্তায় পড়েছেন বঙ্গবাসী।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ষষ্ঠী ও প্রথম সপ্তমীতে কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে আশার কথা হলো, দ্বিতীয় সপ্তমী ও অষ্টমীতে বিক্ষিপ্ত বৃষ্টির রেশ থাকলেও নবমী ও দশমীতে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রে পুজোর দিনগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক ও মনোরম থাকার সম্ভাবনা রয়েছে।
