দিলজিৎ দোসাঞ্ঝের বাড়িতে খলিস্তানপন্থী স্লোগানের ঝড়! কীসের তদন্তে নামল পুলিশ? – এবেলা

দিলজিৎ দোসাঞ্ঝের বাড়িতে খলিস্তানপন্থী স্লোগানের ঝড়! কীসের তদন্তে নামল পুলিশ? – এবেলা

এবেলা ডেস্কঃ

পাঞ্জাবি পপস্টার দিলজিৎ দোসাঞ্ঝের ‘অরা ইন্ডিয়া ট্যুর ২০২৬’ শুরু হতে আর কয়েক সপ্তাহ বাকি। ঠিক তার আগেই পাঞ্জাবের কালানে তাঁর পৈতৃক ভিটের কাছে বড়সড় তাণ্ডব চালাল একদল দুষ্কৃতী। অভিযোগ, মাঝরাতে নিষিদ্ধ খলিস্তানপন্থী গোষ্ঠীর কয়েকজন সদস্য দিলজিতের বাড়ি ভেবে ভুল করে তাঁর প্রতিবেশীর দেওয়ালে একাধিক বিতর্কিত স্লোগান লিখে পালিয়ে যায়। শব্দ ও স্প্রে পেইন্টের গন্ধে প্রতিবেশী মুক্তিয়ার সিং বাইরে বেরিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে চারজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী সেখান থেকে চম্পট দেয়। ‘শিখস ফর জাস্টিস’ গোষ্ঠীর নিশানায় থাকা এই শিল্পীকে ঘিরে পূর্বেও নানা হুমকি ও অশান্তির ইতিহাস রয়েছে।

ঘটনার খবর পেয়েই গোরায়া থানার অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর হরভজন সিংয়ের নেতৃত্বে পুলিশবাহিনী দ্রুত সেখানে পৌঁছায়। পুলিশ প্রশাসন সূত্রের খবর, বিতর্কিত স্লোগানগুলি ইতিমধ্যেই সাদা রং দিয়ে মুছে ফেলা হয়েছে এবং দুষ্কৃতীদের শনাক্ত করতে আশপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে অত্যন্ত জনপ্রিয় এই গায়কের মিউজিক্যাল ট্যুরের মুখে পৈতৃক ভিটায় এহেন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। যদিও প্রশাসন নিশ্চিত করেছে যে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *