১১ অক্টোবর রবিবার কি খুলছে গালিফ স্ট্রিটের পোষ্য হাট, আদালতের রায়ের পর যা জানা গেল – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতার শতাব্দী প্রাচীন গালিফ স্ট্রিটের পোষ্য বাজার ও হাট খোলা রাখা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কাটতে শুরু করেছে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন এবং বৈধ লাইসেন্সের কড়াকড়ির জেরে বিগত কয়েক সপ্তাহ ধরে এই ঐতিহ্যবাহী বাজার বন্ধ রয়েছে। পুলিশি অভিযানের পাশাপাশি আদালতের নির্দেশে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে, যা নিয়ে পশু-পাখি প্রেমী ও সাধারণ মানুষের কৌতূহল তুঙ্গে পৌঁছেছে।
গত ৬ অক্টোবর কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, বন্যপ্রাণী সংরক্ষণ আইন মেনে এবং যথাযথ লাইসেন্স থাকলেই কেবল ব্যবসা করা যাবে। আদালতের এই রায়ের ফলে আগামী ১১ অক্টোবর রবিবার গালিফ স্ট্রিটে শুধুমাত্র লাইসেন্সধারী ব্যবসায়ীরাই বসতে পারবেন। তবে সামগ্রিক ও নিয়মিত হাট চালুর বিষয়ে আগামী ১৪ অক্টোবর পরবর্তী শুনানির পর চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।
