বীরভূমে শুরু বিশাল শিল্প বিপ্লব, এবার কোটি কোটি টাকার বিনিয়োগের বিরাট পরিকল্পনা সরকারের – এবেলা

বীরভূমে শুরু বিশাল শিল্প বিপ্লব, এবার কোটি কোটি টাকার বিনিয়োগের বিরাট পরিকল্পনা সরকারের – এবেলা

এবেলা ডেস্কঃ

খনিজ সম্পদে সমৃদ্ধ বীরভূম জেলায় এবার শিল্পের জোয়ার আনতে নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। জেলায় ভারী শিল্প ও নতুন বিনিয়োগ সুনিশ্চিত করতে এবার জমি চিন্হিতকরণ এবং একটি সুনির্দিষ্ট ‘ল্যান্ড ব্যাঙ্ক’ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি সিউড়িতে জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের সঙ্গে দীর্ঘ বৈঠকে বসেন সংশ্লিষ্ট দপ্তরের প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা। জেলাশাসক, ডিএলআরও এবং ১৯টি ব্লকের বিএলআরও-দের উপস্থিতিতে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে প্রতিমন্ত্রী পরিষ্কার জানিয়ে দেন, বীরভূম একটি অত্যন্ত সম্ভাবনাময় জেলা। এই জেলার খনিজ সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্বনামধন্য শিল্প সংস্থাগুলিকে আনতে চাইছে প্রশাসন। সেই লক্ষ্যে শিল্পের উপযোগী সরকারি জমি কোথায় কতটা রয়েছে, তার স্পষ্ট ও নির্ভুল তালিকা তৈরির নির্দেশও দিয়েছেন তিনি।

শিল্প পরিবেশ সুসংগঠিত করতে এবং পরিকাঠামোকে শক্তিশালী ভিতের ওপর দাঁড় করাতেই রাজ্য সরকারের এই মাস্টারপ্ল্যান। বৈঠকে জমি পাট্টার তথ্য যাচাইয়ের পাশাপাশি কোন জমি শিল্পায়নের জন্য সবচেয়ে উপযোগী, তার পুঙ্খানুপুঙ্খ হিসাব প্রস্তুত করতে বলা হয়েছে। রাজ্যে পালাবদলের পর শিল্পায়নে বিশেষ গতি এসেছে এবং দেবীপক্ষে হলদিয়া পেট্রোকেমিক্যালসের নতুন প্ল্যান্ট চালুর পাশাপাশি পুজো মিটলেই নতুন শিল্পনীতি ঘোষণার প্রস্তুতিও চলছে। বীরভূমে সম্ভাব্য এই বিরাট বিনিয়োগের মাধ্যমে বিপুল কর্মসংস্থান সৃষ্টি ও জেলার সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে বলে আশাপ্রকাশ করছেন বিশেষজ্ঞরা। প্রশাসনের এই তৎপরতায় শিল্প মহলেও দেখা দিয়েছে বিপুল আগ্রহ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *