মমতা বন্দ্যোপাধ্যায় ও এমএ বেবিসহ একাধিক হেভিওয়েট নেতা গ্রেফতার! উত্তাল দিল্লিতে পুলিশের অ্যাকশন – এবেলা

এবেলা ডেস্কঃ
যন্তর মন্তরে জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে সিজেপি, বাম ছাত্র সংগঠন এবং বিরোধীদের বিক্ষোভ ঘিরে কার্যত রণক্ষেত্র দিল্লি। আন্দোলনের তীব্রতা সামলাতে দিল্লি পুলিশ ব্যাপক পদক্ষেপ করে সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এমএ বেবি, এসএফআই নেত্রী ঐশী ঘোষ, আইসা নেত্রী নেহা বোরা এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ একাধিক হেভিওয়েট নেতাকে গ্রেফতার করেছে। আন্দোলনের সমর্থনে কলকাতার সাংবাদিক সম্মেলন থেকে সরব হওয়া সিজেপি নেতা অভিজিৎ ডিপ ও সৌরভ দাসসহ অনেককেই বিমান বা যন্তর মন্তর চত্বর থেকে আটক করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আগে থেকেই বাস, ট্রেন এবং মেট্রো পরিষেবা স্থগিত করা হয়েছিল।
পুলিশি কড়াকড়ি সত্ত্বেও আন্দোলন দমানো যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সিজেপি নেতৃত্ব। দিল্লির কনট প্লেস ও যন্তর মন্তর চত্বরে বিক্ষোভকারীদের জোর করে প্রিজন ভ্যানে তোলার ছবি সামনে আসায় তীব্র রাজনৈতিক সংঘাতের সৃষ্টি হয়েছে। কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং সিপিএম নেত্রী বৃন্দা কারাটকেও আটক করার খবর মিলেছে। বিরোধীরা একে সরকারের ভীতিপ্রসূত পদক্ষেপ বলে আক্রমণ শানালেও, আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছেন যে গ্রেফতারি দিয়ে এই গণআন্দোলন স্তব্ধ করা সম্ভব নয়।
