জন্মদিনের ভিড়ে মহিলা ভক্তকে এড়িয়ে গেলেন অমিতাভ! নেটপাড়ায় চরম ক্ষোভ, কেন এমন করলেন বিগ বি? – এবেলা

এবেলা ডেস্কঃ
মেগাস্টার অমিতাভ বচ্চনের জন্মদিন উদযাপনের একটি ভিডিও ঘিরে সোশাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র বিতর্ক। প্রতি বছরের মতো এবারও ১১ অক্টোবর তাঁর মুম্বইয়ের বাসভবন ‘জলসা’র বাইরে অনুরাগীদের উপচে পড়া ভিড় জমেছিল। জন্মদিনের সেই বিশেষ দিনে বাড়ির বাইরে এসে অনুরাগীদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান বিগ বি। তবে ভাইরাল হওয়া একটি ক্লিপিংয়ে দেখা যায়, এক মহিলা অনুরাগী কাছে এসে হাত মেলানোর চেষ্টা করলে অমিতাভ তাঁকে পাশ কাটিয়ে চলে যান। বারবার অনুরোধ করা সত্ত্বেও তিনি সাড়া না দেওয়ায় নেটপাড়ায় নিন্দার ঝড় উঠেছে।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই নেটিজেনদের একাংশ বর্ষীয়ান অভিনেতার এই আচরণের তীব্র সমালোচনা করেছেন। এক নেটিজেন কটাক্ষ করে লিখেছেন, সেলিব্রিটিরা সাধারণ মানুষের টাকায় সংসার চালান, তাই তাঁদের এত গুরুত্ব দেওয়ার কোনো মানে হয় না। অপর একজন প্রশ্ন তুলেছেন, কেন অনুরাগীরা প্রিয় তারকার থেকে এমন অবহেলা পেয়ে নিজেদের সম্মানহানি করবেন। তবে সমালোচনার পাশাপাশি অমিতাভের সমর্থনেও অনেকে মুখ খুলেছেন। ভক্তদের একাংশের মতে, বয়স এবং স্বাস্থ্যগত কারণে চিকিৎসকের নিষেধ থাকায় তিনি সকলের সঙ্গে হাত মেলানো এড়িয়ে চলেন।
