সীমান্তে ভয়াবহ মাইন বিস্ফোরণ, প্রাণ গেল লস্করের শীর্ষনেতাসহ ৪ জঙ্গির! – এবেলা

এবেলা ডেস্কঃ
জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে অনুপ্রবেশের বড়সড় ছক বানচাল করল ভারতীয় সেনা। কৃষ্ণা ঘাটী সেক্টরের নঙ্গী টকরীর কাছে কাঁটাতার পেরিয়ে ঢোকার সময় সেনার পোঁতা মাইনে পা দিয়ে প্রাণ হারাল লস্কর-এ-ত্যায়বার শীর্ষনেতা মহম্মদ ফয়জানসহ চার জঙ্গি। নিহত অন্য তিন সদস্যের নাম ওয়াকাস, ইসতিয়াক এবং আসিম। ঘটনার পরপরই পুরো এলাকা ঘিরে ধরেছে নিরাপত্তা বাহিনী। ওই দলে আরও কোনো অনুপ্রবেশকারী লুকিয়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে।
অন্য দিকে, জম্মু-কাশ্মীরের মেন্ধার সেক্টরের বাসোনি এলাকায় কাঁটাতারের কাছ থেকে আরও দু’টি ল্যান্ডমাইন উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী। এর আগে গত সপ্তাহেও সেখান থেকে প্রায় এক ডজন ল্যান্ডমাইন নিষ্ক্রিয় করা হয়েছিল। নিরাপত্তা সুনিশ্চিত করতে সেনা নিয়ন্ত্রণরেখায় মাইন পুঁতে রাখলেও অনেক সময় বৃষ্টির জলে তা ভেসে গিয়ে লোকালয়ে চলে আসে, যা দুর্ঘটনা ঘটাতে পারে। তাই সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং মাইনগুলির সঠিক অবস্থান সুনিশ্চিত করতে প্রতিনিয়ত বিশেষ নজরদারি চালাচ্ছে সেনা জওয়ানরা।
