পুজোর আগেই কি মিলবে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা? জেনে নিন অক্টোবর মাসের বড় আপডেট! – এবেলা

এবেলা ডেস্কঃ
আজ তৃতীয়া। কিন্তু এখনও অক্টোবর মাসের ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা নিয়ে কোনো নির্দিষ্ট আপডেট না আসায় তীব্র জল্পনা শুরু হয়েছে। পুজোর আনন্দমুখর সময়ে মহিলারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন—ঠিক কবে তাঁদের অ্যাকাউন্টে ঢুকবে ৩০০০ টাকা? পুজোর আগে কি আদৌ টাকা মিলবে? নাকি চলতি মাসে টাকা দেওয়া হবে না?—এমন নানাবিধ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে।
টাকা ঢোকার সম্ভাব্য সময়:
গত সেপ্টেম্বর মাসে প্রায় ১ কোটি ৫৮ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা সফলভাবে পৌঁছেছিল। গত ১৭ সেপ্টেম্বর থেকে মহিলাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়া শুরু হয়েছিল। সাধারণত প্রতি মাসেই ১৫ তারিখের পর এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়। চলতি মাসে ১৭ তারিখ পড়েছে মহাষষ্ঠী। সূত্র মারফত জানা যাচ্ছে, পুজোর আগেই টাকা ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।
কারা বাদ পড়ছেন এই তালিকা থেকে?
গত মাসে প্রায় ১ কোটি ৫৮ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পেলেও, চলতি মাসে বহু উপভোক্তা বাদ পড়তে চলেছেন। সরকারের কড়া নির্দেশ রয়েছে—একসঙ্গে অন্নপূর্ণা যোজনা এবং বিধবা ভাতা—দুটি সুবিধা নেওয়া যাবে না। নিয়ম অনুযায়ী, যারা এই দুটি ভাতাই একসাথে নিচ্ছিলেন, তাঁদের মধ্যে অনেকের নাম একটি ভাতা থেকে বাদ দেওয়া হয়েছে।
পাশাপাশি, অন্নপূর্ণা যোজনা প্রকল্পের জন্য নতুন করে ভেরিফিকেশন বা যাচাইয়ের কাজ শুরু হয়েছে। এর আগে ভেরিফিকেশন হয়ে থাকলেও এবারের নতুন যাচাই প্রক্রিয়ায় অনেক উপভোক্তার নাম বাদ পড়তে পারে। সব মিলিয়ে, চলতি মাসে উপভোক্তার সংখ্যা কিছুটা কমতে পারে বলেই মনে করা হচ্ছে।
সরকারি আশ্বাস:
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই স্পষ্ট করে জানিয়েছেন যে, সমস্ত যোগ্য আবেদনকারীই এই প্রকল্পের সুবিধা পাবেন এবং অযোগ্যরা তালিকা থেকে বাদ পড়বেন। এছাড়া প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহেই মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে বলে জানানো হয়েছিল। সেই হিসেব অনুযায়ী, চলতি অক্টোবর মাসের ১১ থেকে ১৭ তারিখের মধ্যে টাকা ঢোকার জোরালো সম্ভাবনা রয়েছে।
