পুজোয় কেনাকাটার শেষ বেলায় কলকাতার রাজপথে তীব্র যানজট! যান নিয়ন্ত্রণের কড়া নির্দেশ লালবাজারের – এবেলা

এবেলা ডেস্কঃ
দুর্গাপুজোর প্রাক্কালে শেষ মুহূর্তের জমজমাট কেনাকাটা এবং মণ্ডপে মণ্ডপে মানুষের উপচে পড়া ভিড়ের জেরে গত কয়েক দিন ধরেই শহর ও শহরতলির বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা এবং বাইপাসে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে অফিসযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ—সকলেই চরম ভোগান্তির মুখে পড়েছেন। এই পরিস্থিতি সামাল দিতে এবার কোমর বেঁধে আসরে নেমেছে লালবাজার। যানজট নিয়ন্ত্রণে একাধিক কঠোর সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি বাইক আরোহীদের ওপর নজরদারি এবং কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শহরের ট্রাফিক পরিস্থিতি নিয়ে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা জানান, পুজোর দিনগুলিতে শহর ও শহরতলিতে বহু মানুষ বাইরে থেকে আসেন এবং রাস্তা পারাপার করেন। রাস্তাঘাটে পর্যাপ্ত শৃঙ্খলা না থাকলে এবং গাড়ি ও পথচারী একসঙ্গে চলতে শুরু করলে সমস্যা তৈরি হওয়া স্বাভাবিক। তবে পুজোর শুরুতেই মানুষের এই অতিরিক্ত ভিড়ের কারণে কিছুটা হয়রানি হলেও, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যাবে বলে সাধারণ মানুষকে আশ্বাস দিয়েছেন তিনি।
শহরের সাধারণ রাস্তার পাশাপাশি প্রবল চাপ বাড়ছে মা ফ্লাইওভারের উপরেও। এই বিষয়ে পুলিশ কমিশনার ব্যাখ্যা করে জানান, একদিকে নিউ টাউনের ট্রাফিক এবং অন্যদিকে কলকাতার ট্রাফিক—উভয়েরই অতিরিক্ত চাপ এসে পড়ে মা ফ্লাইওভারের উপর। ফ্লাইওভারে যানজট এড়াতে এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ফ্লাইওভারের উপর যান্ত্রিক ত্রুটির কারণে কোনো গাড়ি খারাপ হয়ে গেলে, সঙ্গে সঙ্গে সেটিকে রাস্তার পাশে সরিয়ে ক্রেনের সাহায্যে দ্রুত সরিয়ে ফেলার ব্যবস্থা করা হচ্ছে। ট্রাফিকের সামগ্রিক সমস্যাগুলি মেটানোর জন্য কলকাতা পুলিশ তৎপরতার সঙ্গে কাজ করছে এবং এই বিষয়ে সরকারি স্তরেও আলোচনা চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক আধিকারিক বলেন, পুজোর সময় ট্রাফিক ব্যবস্থাকে সচল রাখা তাঁদের কাছে একটা বড় চ্যালেঞ্জ, এবং প্রতিবারের মতো এবারও তাঁরা সেই চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করবেন।
লালবাজার সূত্রে জানা গিয়েছে, শহরের বড় বড় মণ্ডপগুলির পাশাপাশি কেনাকাটার শেষ মুহূর্তে বিভিন্ন বাণিজ্যিক কেন্দ্রগুলিতে মানুষের ঢল নেমেছে। বিশেষ করে দক্ষিণ কলকাতার গড়িয়াহাট ও তার সংলগ্ন এলাকা, মধ্য কলকাতার নিউ মার্কেট ও ধর্মতলা চত্বর এবং উত্তর কলকাতার হাতিবাগান ও শ্যামবাজারে প্রচুর ভিড় জমেছে। এছাড়াও যাদবপুর, কসবা, পার্ক সার্কাস এবং উত্তর কলকাতার বিভিন্ন শপিং মলের আশপাশেও মানুষের সমাগম লক্ষ্য করা গিয়েছে। এর ওপর আবার বিকেলের পর থেকে অফিস ফেরত যাত্রীদের ভিড় যুক্ত হওয়ায় শহরের বিভিন্ন অংশে যান চলাচল কিছুটা ধীরগতিতে হচ্ছে। তবে সাধারণ মানুষের যাতায়াত মসৃণ রাখতে রাজপথে নেমেছেন ট্রাফিক আধিকারিক ও কর্মীরা।
যান চলাচল নির্বিঘ্ন করার পাশাপাশি ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশেষ করে বাইপাসসহ শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে হেলমেটবিহীন বাইক চালক এবং বাইকে ট্রিপল রাইডিং বা তিনজন চড়ে যাতায়াতের মতো বিপজ্জনক বিষয়ের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে লালবাজার।
