২৪ ঘণ্টার নাটকীয় অবসান, মন্ত্রীর হস্তক্ষেপে ফের চালু হাওড়া-কলকাতা জলপথ পরিষেবা – এবেলা

২৪ ঘণ্টার নাটকীয় অবসান, মন্ত্রীর হস্তক্ষেপে ফের চালু হাওড়া-কলকাতা জলপথ পরিষেবা – এবেলা

এবেলা ডেস্কঃ

হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতি লিমিটেডের কর্মীদের আন্দোলনের জেরে বন্ধ হয়ে যাওয়া হাওড়া-কলকাতা ফেরি পরিষেবা মাত্র ২৪ ঘণ্টার মধ্যে পুনরায় চালু হয়েছে। পুজোর বোনাস না পাওয়ার অভিযোগ তুলে কর্মীরা বুধবার দুপুর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করায় হাওড়া থেকে কলকাতা সহ একাধিক রুটে লঞ্চ চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। চতুর্থীর দিনে পরিষেবা বন্ধ থাকায় গঙ্গাপারের যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন এবং ঠাকুর দেখতে যাওয়া সাধারণ মানুষ বিপাকে পড়েন।

পরিস্থিতির গুরুত্ব বুঝে বৃহস্পতিবার সকালে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী উমেশ রাই তাঁর হাওড়ার দপ্তরে আন্দোলনকারী কর্মীদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। কর্মীদের পাওনাগণ্ডা এবং বিভিন্ন দাবিদাওয়া দ্রুত মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়ার পাশাপাশি পুজোর মরশুমে পরিষেবা সচল রাখার বিশেষ অনুরোধ জানান তিনি। মন্ত্রীর এই আশ্বাসের পরেই কর্মীরা কর্মবিরতি প্রত্যাহার করে নেন এবং বৃহস্পতিবার দুপুর থেকেই গঙ্গায় ফের স্বাভাবিক ছন্দে লঞ্চ চলাচল শুরু হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *