ডিলিমিটেশন বিল পাসে ফের বিশেষ অধিবেশনের তোড়জোড়! মোদী সরকারের হাতে কি রয়েছে মোক্ষম ম্যাজিক নম্বর? – এবেলা

এবেলা ডেস্কঃ
দেশজুড়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের তীব্র আন্দোলনের আবহেই লোকসভায় ডিলিমিটেশন ও মহিলা সংরক্ষণ সংশোধিত বিল পাস করাতে মরিয়া মোদী সরকার। সূত্র মারফত খবর, চলতি অক্টোবর মাসের শেষেই সংসদে বিশেষ অধিবেশনের নোটিস জারি করতে পারে কেন্দ্র। এর আগে গত ১৭ এপ্রিল বিলটি সংসদে পেশ করা হলেও ‘ইন্ডি’ জোটের একজোটে তুমুল বিরোধিতার মুখে তা ভেস্তে যায়। মূলত লোকসভা কেন্দ্রের পুনর্বিন্যাসের সাথে মহিলা সংরক্ষণকে যুক্ত করার নীতিতেই আপত্তি জানিয়েছিল বিরোধীরা। তবে এবার বিল পাসে কেন্দ্র সম্পূর্ণ আত্মবিশ্বাসী। ভোটাভুটিতে জয়ী হতে বিরোধী শিবিরের ছোট দলগুলির সমর্থন পাওয়ার জোরদার প্রচেষ্টা চলছে।
সংবিধান সংশোধনী বিল পাসের জন্য সংসদে ৩৬০ জন সাংসদের সমর্থন বা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, যা এনডিএ-র একক ক্ষমতায় কিছুটা কম ছিল। তবে সূত্রের দাবি, বাদল অধিবেশন শেষের পর এনডিএ শিবিরে সমর্থন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তৃণমূল কংগ্রেসের ২০ জন বিদ্রোহী সাংসদ এবং শিবসেনার (ইউবিটি) ৬ জন সাংসদ এবারে মোদী সরকারকে সমর্থন জানাতে প্রস্তুত। যদিও এসআইআর ইস্যুতে বিরোধীরা একজোট রয়েছে, তবুও বর্তমান পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এই গুরুত্বপূর্ণ বিলটি পাসে কেন্দ্রের দ্বিতীয় চেষ্টা সফল হয় কি না, সেদিকেই নজর রাখছে রাজনৈতিক মহল।
