রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুযোগ! দেশের ৫টি এইমসে মিলবে স্বাস্থ্য প্রকল্পের সুবিধা – এবেলা

এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের গ্রাহকদের জন্য বড়সড় সুখবর দিল রাজ্য অর্থ দফতর। এবার থেকে রাজ্যের সরকারি কর্মীরা শুধুমাত্র দিল্লি নয়, দেশের আরও পাঁচটি বিশিষ্ট এইমসে এই প্রকল্পের আওতায় চিকিৎসা করাতে পারবেন। নতুন তালিকায় যুক্ত হয়েছে কল্যাণী, পটনা, গুয়াহাটি, ভুবনেশ্বর ও দেওঘরের এইমস। কলকাতা থেকে দূরে থাকা উপভোক্তাদের উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতেই এই বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে এই সমস্ত সরকারি প্রতিষ্ঠানে রোগীরা সহজেই ওপিডিতে চিকিৎসা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং ইনডোরে ভর্তি হওয়ার সুবিধা পাবেন।
নতুন এই নির্দেশিকায় জানানো হয়েছে, চিকিৎসার ক্ষেত্রে উপভোক্তাদের খরচ ফেরত পাওয়ার যোগ্যতা পূর্বের নিয়ম ও শর্ত মেনেই নির্ধারিত হবে। সবচেয়ে বড় স্বস্তির বিষয় হলো, চিকিৎসার জন্য আর আগের মতো কোনো আগাম অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না। তবে খরচ ফেরতের ক্ষেত্রে প্রকল্পের নির্ধারিত নিয়ম বহাল থাকবে, যেখানে সংস্থা কর্তৃক ধার্য করা অর্থ এবং স্বাস্থ্য প্রকল্পের অনুমোদিত সীমার মধ্যে যেটি কম, সেই পরিমাণ অর্থই প্রদান করা হবে। ২০০৮ ও ২০২৬ সালের নির্দিষ্ট বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত রোগ ও চিকিৎসাতেই এই আর্থিক সুবিধা মিলবে, যদিও যাতায়াত খরচ এর আওতায় পড়বে না।
