পুজোর রাতে ঠাকুর দেখতে গিয়ে ট্রেন মিস করার ভয় শেষ! যাত্রীদের স্বস্তি দিয়ে এল বিরাট আপডেট – এবেলা

এবেলা ডেস্কঃ
শহরতলির পুজোর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাওয়ায় এবং শহর ও মফসসল জুড়ে সাধারণ মানুষের যাতায়াত বাড়ায় লোকাল ট্রেনের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়। সেই ভিড় নিয়ন্ত্রণ করতে এবং যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে শিয়ালদহ মেইন লাইনে একগুচ্ছ বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত কৃষ্ণনগর, রানাঘাট, কল্যাণী এবং শান্তিপুর শাখায় এই বিশেষ ট্রেনগুলি চলাচল করবে।
রেল সূত্রে জানা গেছে, ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত শিয়ালদহ থেকে কৃষ্ণনগর সিটি ও রানাঘাটের উদ্দেশ্যে বিকেল ৫টা ৫৫ মিনিটে ট্রেন ছাড়বে। অন্যদিকে, রাত ৮টায় কৃষ্ণনগর সিটি থেকে এবং রাত ৮টা ৮ মিনিটে রানাঘাট থেকে শিয়ালদহগামী বিশেষ ট্রেন পাওয়া যাবে। এছাড়া শিয়ালদহ থেকে কল্যাণীগামী ট্রেন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে এবং কল্যাণী থেকে শিয়ালদহগামী ট্রেন রাত ৮টা ৫৫ মিনিটে ছাড়বে। নৈহাটি, কৃষ্ণনগর ও কল্যাণীর মধ্যে বিশেষ রাতের ট্রেন ছাড়াও কৃষ্ণনগর ও শান্তিপুরের মধ্যে অতিরিক্ত লোকাল ট্রেন চালুর ব্যবস্থা করা হয়েছে, যা পুজোর কদিন যাত্রীদের যাতায়াত অনেকটাই সহজ করবে।
