তেরঙ্গা মিছিলে রণক্ষেত্র দিল্লি! মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আটক ১৫০ বিক্ষোভকারী – এবেলা

এবেলা ডেস্কঃ
মধ্য দিল্লিতে আম আদমি পার্টি ও বাম ছাত্র সংগঠনের ‘লহরা দো তেরঙ্গা’ মিছিলকে কেন্দ্র করে শুক্রবার চরম উত্তেজনা ছড়াল। কনট প্লেস ও মান্ডি হাউস চত্বরে অনুমতিহীন জমায়েতের অভিযোগে প্রায় ১৫০ জন বিক্ষোভকারীকে আটক করেছে দিল্লি পুলিশ। ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন এবং নির্বাচন কমিশনের কাজকর্মের প্রতিবাদে এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল।
সংরক্ষিত এলাকায় বড় জমায়েতের ওপর নিষেধাজ্ঞা থাকায় পুলিশ ও আধাসেনার ৬ হাজারের বেশি জওয়ান মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মিছিল শুরুর আগেই পুলিশ বেশ কয়েকজনকে আটক করে এবং আইনি বিধিনিষেধের আওতায় নোটিশ জারি করে। এদিকে এই রাজনৈতিক উত্তেজনার মধ্যেই দিল্লি পুলিশ কমিশনার অনুরাগ কুমার সাউথ ক্যাম্পাস ও সত্য নিকেতন এলাকায় নিরাপত্তা খতিয়ে দেখে হস্টেল ও পিজিগুলির নজরদারি আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন।
