কোলেস্টেরল কমানোর বিভ্রান্তিকর দাবি! বিগবাস্কেট ও ফ্লিপকার্টকে কড়া নোটিশ এফএসএসএআই-এর – এবেলা

এবেলা ডেস্কঃ
রাইস ব্র্যান অয়েলের বিজ্ঞাপনে কোলেস্টেরল কমানো এবং হার্ট ভালো রাখার বিভ্রান্তিকর দাবি করার অভিযোগে জেমিনি এডিবলস, বিগবাস্কেট ও ফ্লিপকার্টকে নোটিশ পাঠাল ভারতের খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক সংস্থা এফএসএসএআই। ই-কমার্স প্ল্যাটফর্ম এবং সোশ্যাল মিডিয়ায় প্রচারিত এই বিজ্ঞাপনগুলিতে দাবি করা হয়েছিল যে তেলটি খারাপ কোলেস্টেরল কমায় এবং ভালো কোলেস্টেরল বজায় রাখে। পাশাপাশি তেলের মধ্যে নির্দিষ্ট পরিমাণে ন্যাচারাল ওরাইজেনল থাকার কথাও প্রচার করা হয়েছিল। নিয়ন্ত্রক সংস্থার স্পষ্ট বক্তব্য, ২০১৮ সালের খাদ্য সুরক্ষা ও মান রেগুলেশন অনুযায়ী রাইস ব্র্যান অয়েলের ক্ষেত্রে এই ধরনের দাবি করার কোনো আইনি বৈধতা নেই।
২০০৬ সালের খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী সংস্থাগুলির কাছে জবাব তলব করা হয়েছে। এর পাশাপাশি জেমিনি এডিবলসের লাইসেন্স নিয়েও প্রশ্ন তুলেছে নিয়ন্ত্রক সংস্থা। গত ১৬ অক্টোবর দেশজুড়ে চালানো এই অভিযানে একাধিক সংস্থার লাইসেন্স সাসপেন্ড বা বাতিল করা হয়েছে। গ্রাহকদের চটকদার বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে খাদ্যপণ্য কেনার সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
