স্বামীর বিছানায় বিষধর সাপ ছেড়ে দিয়েও শেষ রক্ষা হলো না! রোমহর্ষক হত্যাকাণ্ডে আদালতের বড় রায় – এবেলা

এবেলা ডেস্কঃ
প্রেমের পরকীয়ায় কাঁটা দূর করতে অত্যন্ত ঠাণ্ডা মাথায় স্বামীকে খুনের পরিকল্পনা সাজিয়েছিলেন স্ত্রী ও তাঁর প্রেমিক। উত্তরপ্রদেশের মেরঠের বাসিন্দা ৩২ বছর বয়সি অমিত কাশ্যপকে রাতে ঘুমন্ত অবস্থায় প্রথমে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এর পর ঘটনাটিকে সাধারণ দুর্ঘটনা হিসেবে চালিয়ে দিতে এবং পুলিশের চোখ ধাঁধাতে একটি জ্যান্ত বিষধর সাপ কিনে এনে মৃতের দেহের ওপর ছেড়ে দেওয়া হয়। সাপের কামড়ে অমিতের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে বিশ্বাস করলেও, অমিতের গলার রহস্যজনক দাগ পুলিশ ও পরিবারের মনে গভীর সন্দেহের বীজ বপন করে।
ময়নাতদন্তের রিপোর্টে শ্বাসরোধ করে হত্যার বিষয়টি নিশ্চিত হতেই তদন্তের মোড় পুরোপুরি ঘুরে যায়। পরবর্তীতে পুলিশের কঠোর জেরার মুখে ভেঙে পড়ে স্ত্রী রবিতা এবং নিজের পরকীয়া প্রেমের কথা স্বীকার করে নেন। জানা যায়, অমিতের সহকর্মী অমরদীপের সঙ্গেই এই নৃশংস ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন তিনি। সাপুড়ের কাছ থেকে কেনা সেই বিষধর সাপটি দিয়েই অপরাধ গোপনের চেষ্টা চালানো হয়েছিল। শুক্রবার সমস্ত প্রমাণ ও সাক্ষ্যগ্রহণের ভিত্তিতে মেরঠের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত অভিযুক্ত রবিতা কাশ্যপ ও তাঁর প্রেমিক অমরদীপ—উভয়কেই দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের ঐতিহাসিক রায় প্রদান করেছে।
