স্টেট ব্যাঙ্কে বড়সড় সাইবার হানা ফাঁস হয়ে গেল হাজার হাজার গ্রাহকের গোপন তথ্য – এবেলা

এবেলা ডেস্কঃ
ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে সাইবার হানার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গত ১৬ অক্টোবর ঘটে যাওয়া এই সাইবার অ্যাটাকের ফলে প্রায় ৩ হাজার ৮৯৭ জন গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরির আশঙ্কা করা হচ্ছে। হ্যাকার গ্রুপ ‘Siriusim’ ডার্ক ওয়েবের ব্রিচফোরামস নামক ফোরামে গ্রাহকদের এই সংবেদনশীল ডেটা ফাঁস করে দিয়েছে বলে জানা গিয়েছে। ফাঁস হওয়া তথ্যের মধ্যে রয়েছে গ্রাহকদের নাম, মোবাইল নম্বর, জন্মতারিখ, ইমেল ও বাসস্থানের ঠিকানা, কাস্টমার ইনফরমেশন ফাইল সংক্রান্ত শনাক্তকরণ নম্বর এবং ঋণ ও লিড-সংক্রান্ত বিভিন্ন রেকর্ড।
ঘটনার জেরে গ্রাহকদের মধ্যে সুরক্ষার উদ্বেগ তৈরি হলেও ব্যাঙ্ক কর্তৃপক্ষ দাবি করেছে যে তাদের মূল ব্যবসায়িক কাজকর্ম ও আর্থিক পারফরম্যান্সে কোনও নেতিবাচক প্রভাব পড়েনি। থ্রেট ইন্টেলিজেন্স সার্ভিস প্রোভাইডার এবং ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিমের কাছ থেকে সতর্কবার্তা পাওয়ার পরেই ব্যাঙ্ক কর্তৃপক্ষ দ্রুত সাইবার ইনসিডেন্ট মোকাবিলা ও ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণের প্রোটোকল সক্রিয় করে। জুলাই মাসে ব্যাঙ্ক অফ বরোদার তথ্য ফাঁসের ঘটনার পর রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে সাইবার নিরাপত্তার এই ত্রুটি ব্যাঙ্কিং ব্যবস্থার সুরক্ষা নিয়ে নতুন করে বড় প্রশ্ন তুলেছে।
