চোরবাগান কাণ্ডে সিটের বড় পদক্ষেপ! প্রতিমা বিসর্জনে মিলল ছাড়পত্র, বদলে গেল কোন নিয়ম? – এবেলা

এবেলা ডেস্কঃ
চোরবাগান পুজো মণ্ডপে ঘটে যাওয়া মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় কলকাতা পুলিশ ও পুরসভার ভূমিকা এখন সিটের আতশকাচের নীচে। রাজ্য সরকার গঠিত ছ’সদস্যের বিশেষ তদন্তকারী দলের (সিট) প্রধান, অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী বৃহস্পতিবার সন্ধ্যায় মণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন। আইপিএস জাভেদ শামিমসহ তদন্তকারীরা প্রবেশ ও প্রস্থানের পথ, ভেতরের পরিবেশ খতিয়ে দেখার পাশাপাশি পুরো ঘটনার ভিডিওগ্রাফি করেন। তদন্ত শেষে সিট প্রধান স্পষ্ট জানান, প্রতিমা নিরঞ্জনে কোনো বাধা নেই, তবে তদন্তের স্বার্থে মণ্ডপের মূল কাঠামো হুবহু একই রকম রাখতে হবে। শিল্পী ও সংশ্লিষ্ট সকলের সঙ্গেই কথা বলবে সিট।
পরিদর্শন শেষে মণ্ডপের নিরাপত্তাজনিত একাধিক মারাত্মক ত্রুটি প্রকাশ্যে এনেছে তদন্তকারী দল। সিট প্রধান জানান, ঘটনার সময় মণ্ডপ ও তার সংলগ্ন এলাকায় আলোর তীব্রতা অত্যন্ত কম ছিল। পাশাপাশি প্রবেশ ও বেরোনোর রাস্তা অস্বাভাবিক সরু হওয়ায় অতিরিক্ত জনসমাগমে ধাক্কাধাক্কির সৃষ্টি হয় এবং এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বর্তমানে মণ্ডপটিকে ঘটনার সময়ের মতো একই অবস্থায় সংরক্ষণ করে তদন্ত প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।
