ঘুমের মধ্যেই ৭ মাত্রার প্রলয়ঙ্কারী ভূকম্পন! তিব্বতে মৃত ১৮, ধসে বিচ্ছিন্ন একাধিক জনপদ – এবেলা

এবেলা ডেস্কঃ
দেড় মাসের ব্যবধানে আবারও শক্তিশালী ভূকম্পনে কেঁপে উঠল চিন নিয়ন্ত্রিত তিব্বত। বৃহস্পতিবার রাতে ৭ মাত্রার এই জোড়া ভূমিকম্পে অন্তত ১৮ জনের মৃত্যুর খবর মিলেছে এবং আহত হয়েছেন ৫৬ জন। এর মধ্যে উত্তর তিব্বতের বাকেন কাউন্টির মারু টাউনশিপ এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ৩০০-র বেশি কাঁচা ও পাকা ঘরবাড়ি পুরোপুরি ধূলিসাৎ হয়ে গিয়েছে। পাহাড়ি এলাকায় ধস নামায় বহু রাস্তাঘাট বন্ধ রয়েছে এবং বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা।
পরিস্থিতি সামাল দিতে প্রশাসন ইতিমধ্যেই লেভেল-৩ জরুরি সতর্কতা জারি করে দুর্গম অঞ্চলে বিশেষ উদ্ধারকারী দল ও ত্রাণসামগ্রী পাঠিয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টায় ওই অঞ্চলে ভারী তুষারপাতের পূর্বাভাসের কারণে উদ্ধারকাজ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, অরুণাচল প্রদেশের পান্ডিন থেকে প্রায় ৪৮৯ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল এই প্রথম কম্পনের উৎসস্থল। সবমিলিয়ে প্রকৃতির এই তাণ্ডবে বড় ধরনের মানবিক বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।
