গাইঘাটায় ধর্ষণকাণ্ডে এনকাউন্টারে ধৃতের মৃত্যু, বুকফাটা কান্নায় ভেঙে পড়লেন অভিযুক্তের মা – এবেলা

এবেলা ডেস্কঃ
পুলিশি এনকাউন্টারে গাইঘাটায় একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও খুন কাণ্ডে অভিযুক্ত প্রহ্লাদ দাসের মৃত্যুর পর থেকেই শোকে পাথর তার পরিবার। ছেলের এমন নৃশংস অপরাধের কথা সামনে আসার পর বিচার চেয়েছিল পরিবার, কিন্তু পুলিশি গুলিতে তার এহেন পরিণতি মেনে নিতে পারছেন না মা। তিনি জানান, প্রহ্লাদ নিয়মিত গীতা পাঠ করত এবং তার পুলিশে যোগ দেওয়ার প্রবল ইচ্ছা ছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ পুলিশের গুলিতেই প্রাণ হারাতে হলো তাকে। বিচারব্যবস্থার ওপর ভরসা রাখলেও এনকাউন্টারের মাধ্যমে ছেলের এই মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না শোকার্ত মা।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে অপরাধের পুনর্নির্মাণের সময় পুলিশের অস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করে প্রহ্লাদ। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়, যার ফলে গুরুতর জখম হয়ে হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে লক্ষ্মীপুজোর সকালে এক ছাত্রীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গাইঘাটা। তদন্তে নেমে পুলিশ প্রহ্লাদকে গ্রেফতার করেছিল। ঘটনার আকস্মিকতায় পুরো এলাকায় শোক ও চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হয়েছে।
