গ্রেফতারের পরেই সুপ্রিম কোর্টে বড় ধাক্কা ইন্দ্রনীল সেনের! আইন জটিলতায় মিলল না স্বস্তি – এবেলা

এবেলা ডেস্কঃ
গ্রেফতার হওয়ার পর শীর্ষ আদালতে বড় ধাক্কা খেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। গ্রেফতারির জেরে তাঁর দায়ের করা আগাম জামিনের আবেদনটি আইনত অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ায় তা প্রত্যাহার করে নিয়েছেন তাঁর আইনজীবী। বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন ভি ভারালের বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, এই মুহূর্তে আগাম জামিনের আর কোনো অবকাশ নেই, তাই নিয়মিত জামিনের জন্য আবেদন করতে হবে। আদালত জানিয়েছে, এই মামলায় তারা এখনই কোনো হস্তক্ষেপ করবে না, কারণ মন্তব্য করলে চলমান তদন্তে তার প্রভাব পড়তে পারে। তবে নিম্ন আদালত বা হাইকোর্টকে দ্রুত আবেদন বিবেচনা করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গ্রেফতারির আশঙ্কা করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ইন্দ্রনীল সেন। কিন্তু প্রথমে বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ মামলা থেকে সরে দাঁড়ানোয় শুনানি আটকে যায়। পরবর্তীতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে বিষয়টি মেনশনের দিনই তিনি গ্রেফতার হন। আজকের শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন, প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে অত্যন্ত গুরুতর অভিযোগ রয়েছে। সমস্ত পক্ষের বক্তব্য শুনে আদালত মামলাটি খারিজ করে দেওয়ায় প্রাক্তন মন্ত্রীর আইনি লড়াই আরও দীর্ঘ ও জটিল হয়ে উঠল।
