বহুবিবাহে জড়ালেই সোজা চাকরি ছাঁটাই! সরকারি কর্মীদের জন্য রাজ্য সরকারের নজিরবিহীন কড়া হুঙ্কার – এবেলা

এবেলা ডেস্কঃ
সরকারি কর্মচারীদের জন্য বহুবিবাহ রোধে আরও কঠোর অবস্থানের কথা ঘোষণা করল আসাম সরকার। সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, আসাম সার্ভিসেস (ডিসিপ্লিন অ্যান্ড আপিল) রুলস, ১৯৬৪-তে প্রয়োজনীয় সংশোধন এনে রুল ৭-এর অধীনে একটি নতুন ধারা যুক্ত করা হয়েছে। নতুন এই নিয়ম অনুযায়ী, কোনো সরকারি কর্মী সরকারের অনুমতি ছাড়া একাধিক বিয়ে করলে বা তাঁর বিরুদ্ধে বহুবিবাহের অভিযোগ প্রমাণিত হলে তাঁকে সরাসরি চাকরি থেকে বরখাস্ত করা হবে। শুধু তাই নয়, অভিযুক্ত ব্যক্তি ভবিষ্যতে অন্য কোনো সরকারি চাকরির আবেদনের ক্ষেত্রেও সম্পূর্ণ অযোগ্য বলে বিবেচিত হবেন।
মূলত নারীদের ক্ষমতায়ন ও সমাজে লিঙ্গবৈষম্য দূর করার উদ্দেশ্যেই এই কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর আগে ২০২৩ সালের অক্টোবরেও রাজ্য সরকারের তরফ থেকে পার্সোনাল ল নির্বিশেষে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে আগাম সরকারি অনুমতির বাধ্যবাধকতা জারি করা হয়েছিল। তবে সাম্প্রতিক বাজেট প্রস্তাবের পর মন্ত্রিসভার এই সর্বশেষ সিদ্ধান্তের ফলে পুরানো নিয়মের পাশাপাশি চাকরি থেকে বরখাস্ত ও স্থায়ী নিষেধাজ্ঞার বিষয়টি আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো। পাশাপাশি, বহুবিবাহে যুক্ত ব্যক্তিদের বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক প্রকল্পের সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
