রাত ৩টের নিস্তব্ধতা ভেঙে গুলির শব্দ! ফের পুলিশের এনকাউন্টারে তোলপাড় এলাকা – এবেলা

এবেলা ডেস্কঃ
গুয়াহাটির হোটেল বিলাস ইন-এ একই পরিবারের চারজনসহ মোট পাঁচজনকে নৃশংসভাবে খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত ঘনকান্ত গগৈ পুলিশি এনকাউন্টারে নিহত হয়েছেন। বুধবার ভোররাত প্রায় তিনটে নাগাদ জেল হেফাজত থেকে তদন্তের প্রয়োজনে শিবসাগরে নিয়ে যাওয়ার সময় ফুলজলচিগা এলাকায় শৌচকর্মের কথা বলে গাড়ি থামান তিনি। গাড়ি থেকে নেমেই তদন্তকারী আধিকারিকের সার্ভিস পিস্তল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাধ্য হয়ে গুলি চালায়। গুরুতর জখম অবস্থায় নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, সম্পত্তিগত বিবাদের জেরে ঘটে যাওয়া এই মর্মান্তিক হত্যাকাণ্ডের পর এনকাউন্টারের ঘটনায় আসামের প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনজীবীদের একাংশের মতে, মূল অভিযুক্তের আকস্মিক মৃত্যুতে পাঁচজন খুনের পেছনে থাকা অনেক গোপন তথ্য ও আসল রহস্য হয়ত আর কখনোই সামনে আসবে না। বর্তমানে এই ঘটনার পর গোটা তদন্ত প্রক্রিয়া কোন দিকে এগোয়, সেদিকেই সকলের নজর রয়েছে।
