‘ক্রাইম হতে পারে, অপরাধ নয়!’ বিহারের উপমুখ্যমন্ত্রীর কোন মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি? – এবেলা

এবেলা ডেস্কঃ
বিহারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরি। সম্প্রতি একটি সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, রাজ্যে প্রকৃত অর্থে কোনও ‘অপরাধ’ নেই। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র শোরগোল শুরু হয়েছে। কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গড়কড়ির উপস্থিতিতে আয়োজিত ওই অনুষ্ঠানে পলি ব্যবহারের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সেখানেই তিনি জানান, রাজ্যে ক্রাইম হলেও ‘অপরাধ’ ও ‘অপরাধী’র ধারণা কার্যত শেষ হয়ে গিয়েছে।
সম্রাট চৌধুরির এই অদ্ভুত মন্তব্যের তীব্র সমালোচনা করে আসরে নেমেছে বিরোধী দল রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব মুখ্যমন্ত্রীর একটি ভিডিয়ো ক্লিপ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে কটাক্ষ করেছেন। তাঁর প্রশ্ন, এই ধরনের মন্তব্যের পর মঞ্চে উপস্থিত শীর্ষ আইএএস ও আইপিএস আধিকারিকরা নিজেদের কীভাবে মূল্যায়ন করছেন। উল্লেখ্য, এই অনুষ্ঠানে নদী ও জলাধার থেকে পলি তুলে জাতীয় সড়ক নির্মাণকাজে ব্যবহারের জন্য বিহার সরকার ও এনএইচএআই-এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
