থানায় বসে বিধায়কের ওপর চড়াও নিজ দল! ডেবরার সংঘর্ষে জখম বিজেপি বিধায়ক শুভাশিস ওম – এবেলা

এবেলা ডেস্কঃ
পশ্চিম মেদিনীপুরের ডেবরায় আবাস যোজনা ও ভিবিজী-রামজি প্রকল্পের ফর্ম তোলাকে কেন্দ্র করে বিজেপি বিধায়ক শুভাশিস ওমের ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে ডেবরা ব্লক কার্যালয়ের সামনে দু’পক্ষের মধ্যে গন্ডগোল শুরু হলে উভয় পক্ষই থানায় যায়। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে সেখানে পৌঁছান বিধায়ক শুভাশিস ওম। অভিযোগ, থানার মধ্যেই একপক্ষের অনুগামীদের হাতে আক্রান্ত হন খোদ বিধায়ক। এই সংঘর্ষে বিধায়ক সহ মোট সাতজন জখম হয়েছেন।
আহত অবস্থায় বিধায়ককে ডেবরা সুপার স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় দলের একাংশের বিরুদ্ধে ডেবরা থানায় ছয়জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। ঘটনার পর রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ও শোরগোল শুরু হয়েছে। জেলা সভাপতি তন্ময় দাস হাসপাতালে গিয়ে বিধায়কের সঙ্গে দেখা করলেও অভ্যন্তরীণ কোন্দল ও এই হামলার নেপথ্যের কারণ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
