রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন রাফায়েল নাদাল!

রিয়াল মাদ্রিদের বোর্ড অফ ডিরেক্টরসে যোগ দিচ্ছেন রাফায়েল নাদাল
নিজস্ব প্রতিবেদক: রিয়াল মাদ্রিদের বোর্ড অফ ডিরেক্টরসে যুক্ত হতে চলেছেন টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল। বুধবার অনুষ্ঠিত ক্লাবের বোর্ড মিটিংয়ে তাঁর নিয়োগের প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপে চূড়ান্ত অনুমোদনের জন্য বিষয়টি ক্লাবের বার্ষিক সাধারণ সভায় (অ্যাসেম্বলি অফ মেম্বারস) উত্থাপন করা হবে।
রিয়াল মাদ্রিদের বোর্ড সদস্য হিসেবে মনোনীত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন নাদাল। এই দায়িত্ব প্রদানের জন্য তিনি ক্লাবের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ এবং বর্তমান বোর্ড সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। উল্লেখ্য, বিশ্বজুড়ে রিয়াল মাদ্রিদের সমর্থক হিসেবে পরিচিতি রয়েছে নাদালের, যা এই নতুন দায়িত্ব গ্রহণের ক্ষেত্রে বাড়তি মাত্রা যোগ করেছে।
