আন্দুলে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি, মালিককে পিটিয়ে লুঠ লক্ষাধিক টাকার গয়না!

আন্দুলে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি, মালিককে পিটিয়ে লুঠ লক্ষাধিক টাকার গয়না!

 

হাওড়ায় সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি, লুট প্রায় এক কোটি টাকার গয়না

নিজস্ব প্রতিবেদক, হাওড়া: হাওড়ার আন্দুল ঝোরহাট মাড়োয়ারি বাগান এলাকায় বুধবার রাতে একটি সোনার দোকানে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম হয়েছেন দোকানের মালিক অনিমেষ সামন্ত। পরিবারের দাবি, দোকান থেকে প্রায় এক কোটি টাকার সোনা ও রুপোর গয়না লুট করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯টা নাগাদ তিনটি মোটরবাইকে করে তিন দুষ্কৃতী দোকানের সামনে এসে পৌঁছায়। তাদের দু’জনের মুখে মাস্ক এবং একজনের মাথায় হেলমেট ছিল। সেই সময় দোকানে একাই ছিলেন মালিক অনিমেষ সামন্ত। অভিযোগ, দোকানে ঢুকেই দুষ্কৃতীরা তাঁকে মারধর শুরু করে এবং মাথায় বন্দুক ঠেকিয়ে আলমারিতে রাখা গয়না লুট করে। ধনতেরস উপলক্ষে দোকানে গয়নার স্টক বেশি ছিল, যা আগে থেকেই দুষ্কৃতীরা জানত বলে পুলিশের প্রাথমিক অনুমান।

লুটের পর দুষ্কৃতীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় অনিমেষ সামন্তকে স্থানীয় ব্লক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় সাঁকরাইল থানার পুলিশ। দোকান ও পার্শ্ববর্তী এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীদের শনাক্ত করার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য, কয়েক দিন আগেই সাঁকরাইলের ধুলাগড় এলাকায় একই কায়দায় একটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় কয়েক লক্ষ টাকার গয়না খোয়া যায়। একই থানা এলাকায় পরপর এমন ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। দুটি ঘটনার নেপথ্যে একই চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *