আবাস যোজনার টাকা নিয়ে বিবাদ, শাশুড়িকে খুনের অভিযোগ পুত্রবধূর বিরুদ্ধে!

আবাস যোজনার টাকা ও বাড়ির লোভে শাশুড়িকে খুন, গ্রেপ্তার পুত্রবধূ
নিজস্ব সংবাদদাতা, হাওড়া: আবাস যোজনার বাড়ি ও সরকারি অর্থ আত্মসাতের উদ্দেশ্যে শাশুড়িকে খুনের অভিযোগ উঠল পুত্রবধূর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়া গ্রামীণ এলাকায়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুত্রবধূ অনিমা বেরাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত বিভা বেরার নামে আবাস যোজনার বাড়ি বরাদ্দ হয়েছিল। অভিযোগ, সেই বাড়িটি নিজের নামে করিয়ে নেওয়ার জন্য দীর্ঘ দিন ধরেই শাশুড়ির ওপর চাপ সৃষ্টি করছিলেন পুত্রবধূ অনিমা। শাশুড়ি রাজি না হওয়ায় তাঁদের মধ্যে বিবাদ চরমে পৌঁছায়। বাড়ির টাকা পাওয়ার লোভে অনিমা তাঁর শাশুড়িকে খুনের পরিকল্পনা করেন।
সোমবার পরিকল্পনা অনুযায়ী, দুই প্রতিবেশীর সহায়তায় শাশুড়িকে বাড়ি থেকে কিছুটা দূরে একটি খালের পাড়ে নিয়ে যান অনিমা। সেখানে তাঁকে খুন করে দেহ ফেলে রেখে আসেন তিনি। এরপর শাশুড়ি নিখোঁজ হয়েছেন বলে এলাকায় রটিয়ে দেওয়া হয়। বিভা দেবীর দুই ছেলে কর্মসূত্রে কলকাতায় থাকেন। মা নিখোঁজের খবর পেয়ে তাঁরা ফিরে আসেন এবং মঙ্গলবার ছোট ছেলে বাসুদেব বেরা ভাটোরা ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করেন।
বুধবার বাড়ি থেকে প্রায় ৩০০ মিটার দূরে খালের পাড় থেকে বিভা দেবীর দেহ উদ্ধার হয়। ঘটনার পর থেকেই স্থানীয়দের সন্দেহের তালিকায় ছিলেন পুত্রবধূ অনিমা। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলে তিনি অসংলগ্ন কথা বলতে শুরু করেন। কঠোর জেরার মুখে শেষে নিজের দোষ স্বীকার করেন তিনি।
হাওড়া গ্রামীণ এলাকার পুলিশ সুপার অমিত ভার্মা জানিয়েছেন, খুনের ঘটনায় অনিমা বেরাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও দুই প্রতিবেশী ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
