উৎসবের ভিড়ে দিঘা-তাজপুর-মন্দারমণিতে কড়া নজরদারি, সৈকতে উড়বে ড্রোন!

মন্দারমণিতে পর্যটকের মৃত্যু: সৈকতে নজরদারি বাড়াতে ড্রোন ও সিসিটিভির সিদ্ধান্ত প্রশাসনের
নিজস্ব প্রতিবেদক, দিঘা: দিঘা ও মন্দারমণির সৈকতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর প্রশাসন। সম্প্রতি মন্দারমণিতে জলে তলিয়ে দুই পর্যটকের মৃত্যুর ঘটনার পর সৈকতের সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামনেই ডিসেম্বর মাসের ভরা পর্যটন মরশুম, এই সময়ে ভিড় সামাল দিতে প্রশাসন বাড়তি সতর্কতা অবলম্বন করছে।
প্রশাসন সূত্রে খবর, দিঘা, শঙ্করপুর, তাজপুর ও মন্দারমণি জুড়ে বর্তমানে মোট ১১০ জন নুলিয়া নজরদারির দায়িত্বে রয়েছেন। এর মধ্যে মন্দারমণিতে মোতায়েন রয়েছেন ১৪ জন নুলিয়া। তবে দীর্ঘ ১৮ কিলোমিটার সৈকতে শুধুমাত্র নুলিয়াদের মাধ্যমে নজরদারি চালানো চ্যালেঞ্জিং বলে মনে করছেন স্থানীয় হোটেল মালিকরা। এই পরিস্থিতিতে সৈকতের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সিসিটিভি ক্যামেরা বসানোর পাশাপাশি পর্যটকদের ভিড়ের সময় ড্রোনের মাধ্যমে নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের সিইও প্রতীক অশোক ধুমাল জানান, পর্যটকদের নিরাপত্তাকেই প্রশাসন সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ডিএসপি (ডি অ্যান্ড টি) মোহিত মোল্লা জানিয়েছেন, বিপজ্জনক এলাকাগুলো বাঁশ পুঁতে চিহ্নিত করা হয়েছে এবং সেখানে সচেতনতামূলক বোর্ড লাগানো হয়েছে। তবে প্রশাসনের পাশাপাশি পর্যটকদের নিজেদেরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
নুলিয়াদের একাংশের অভিযোগ, অনেক পর্যটকই প্রশাসনের সতর্কবার্তা উপেক্ষা করে বেপরোয়া আচরণ করেন, যা দুর্ঘটনার অন্যতম কারণ। মন্দারমণি দাদনপাত্রবাড় হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অশোক খাটুয়া জানান, দীর্ঘ সৈকতে নজরদারি বজায় রাখতে হোটেল মালিকরা প্রশাসনকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আগামী দিনে পর্যটন কেন্দ্রগুলোতে দুর্ঘটনা কমাতে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি করা হবে বলে জানানো হয়েছে।
