সাঁতরাগাছি স্টেশনে পার্কিংয়ের নামে নৈরাজ্য, রাত বাড়লেই চলছে অবাধ তোলাবাজি!

সাঁতরাগাছি স্টেশনে পার্কিংয়ের নামে নৈরাজ্য, রাত বাড়লেই চলছে অবাধ তোলাবাজি!

এবেলা ডেস্কঃ

 

সাঁতরাগাছি স্টেশনে পার্কিং নিয়ে সিন্ডিকেট রাজ, নাজেহাল যাত্রী ও পুলিশ

নিজস্ব প্রতিবেদক, হাওড়া: হাওড়া স্টেশনের সাঁতরাগাছি শাখার রেল পার্কিংয়ে অতিরিক্ত টাকা আদায় ও সিন্ডিকেট চক্রের দৌরাত্ম্য চরমে পৌঁছেছে। অভিযোগ, পার্কিংয়ে কোনো নির্ধারিত রেট চার্ট না থাকায় খেয়ালখুশি মতো টাকা দাবি করছেন কর্মীরা। এই বিবাদ মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছে স্থানীয় জগাছা থানা ও হাওড়া সিটি পুলিশ।

সাঁতরাগাছি স্টেশনের বাঁদিকের অংশটি একটি বেসরকারি সংস্থাকে পার্কিংয়ের জন্য লিজ দিয়েছে রেল। স্টেশনের পিছনের অংশে পরিকাঠামো উন্নয়নের কাজ চলায় বর্তমান পার্কিং লটেই সব গাড়ির চাপ বাড়ছে। অভিযোগ, পার্কিংয়ের কোনো নির্দিষ্ট ভাড়ার তালিকা টাঙানো হয়নি। পার্কিং কর্মীদের একাংশ দু’ঘণ্টার জন্য ৬০ টাকা দাবি করলেও, অন্য একাংশ বড় গাড়ির ক্ষেত্রে ২১০ টাকা দাবি করছেন। আবার ভুক্তভোগী গাড়িচালকদের অভিযোগ, সুযোগ বুঝে তাঁদের কাছ থেকে ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত অবৈধভাবে আদায় করা হচ্ছে। রসিদ চাইতে গেলে কর্মীদের সঙ্গে চালকদের বিবাদ বাধে, যা প্রায়ই হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়।

হাওড়া সিটি পুলিশের এক আধিকারিক জানান, গত সপ্তাহে ৫০০ টাকা দাবি করা নিয়ে বিবাদ চরমে পৌঁছালে জগাছা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রেলের আওতাধীন এলাকা হওয়ায় বিষয়টি দেখার দায়িত্ব জিআরপি বা রেল পুলিশের। কিন্তু বারবার আলোচনার পরেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। পার্কিংয়ে রেট চার্ট এবং সহায়তার জন্য রেল পুলিশের নম্বর সম্বলিত বোর্ড টাঙানোর নির্দেশ দেওয়া হলেও, সংস্থাটি তা মানছে না বলে অভিযোগ।

এই নৈরাজ্যের ফলে চূড়ান্ত ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা। দূরপাল্লার ট্রেন থেকে নেমে স্টেশনে আসার পর অতিরিক্ত পার্কিং ফি’র এই বোঝা শেষ পর্যন্ত যাত্রীদের ভাড়ার ওপরই চাপিয়ে দিচ্ছেন চালকরা। যাত্রীদের অভিযোগ, দীর্ঘ সফরের পর স্টেশনে নেমে এমন হেনস্তা কোনোভাবেই কাম্য নয়। বিষয়টি নিয়ে রেল কর্তৃপক্ষ ও রেল পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *