নদিয়ায় কালীপুজোর ভাসান থেকে ফেরার পথে জেনারেটরে চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

নদিয়ার বাদকুল্লায় কালীপুজোর ভাসান থেকে বাড়ি ফেরার পথে এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে বাপুজি নগর পুরন্দরপুর এলাকার শুভশ্রী সংঘ বারোয়ারির প্রতিমা বিসর্জন দিয়ে ফেরার সময় এই দুর্ঘটনাটি ঘটে। গড়িয়াপোতা ঘাটে ঠাকুর বিসর্জনের পর বাড়ি ফেরার পথেই ওই কিশোরী দুর্ঘটনার কবলে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভাসানের সময় ব্যবহৃত জেনারেটরের ভেতরে আচমকাই ওই ছাত্রীর চুল জড়িয়ে যায়। এর ফলে সে সজোরে জেনারেটরের সঙ্গে মাথায় আঘাত পায়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে ওই কিশোরী এবং সেখানেই তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তাহেরপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি, ভাসানে ব্যবহৃত সমস্ত গাড়ি এবং ওই ইঞ্জিন ভ্যানটি আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
