ছটপুজোয় রাজ্য সরকারের পদক্ষেপের প্রশংসা দিলীপ ঘোষের

খড়গপুরে এক চা-চক্রে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ছটপুজো নিয়ে রাজ্য সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি জানান, বাংলায় বিহার ও উত্তর ভারতের বহু মানুষ বসবাস করেন এবং তাঁদের এই উৎসব পালনের পূর্ণ অধিকার রয়েছে। অতীতে এই উৎসবকে কেন্দ্র করে নানা বিতর্ক তৈরি হলেও, এবার রাজ্য সরকার যে ব্যবস্থা গ্রহণ করেছে তা ইতিবাচক বলেই মনে করছেন তিনি।
দলের ভাবমূর্তি নষ্টকারীদের বিরুদ্ধে শমীক ভট্টাচার্যের এফআইআর করার হুঁশিয়ারি প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, বিজেপি তৃণমূলের মতো অরাজকতা বরদাস্ত করবে না। দলের নাম ভাঙিয়ে কেউ অন্যায় করলে তাঁকে রেয়াত করা হবে না। তিনি আরও জানান, এই ধরনের ঘটনার বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। তবে দীর্ঘদিনের সমস্যা রাতারাতি দূর করা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।
পাশাপাশি, বাংলাদেশে চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেপ্তারির বিষয়টি নিয়েও মুখ খোলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, বাংলাদেশের হিন্দু সমাজের অধিকার ও নিরাপত্তার প্রশ্নে সরব হওয়ার কারণেই চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর জীবন ও নিরাপত্তা নিয়ে বর্তমানে আন্তর্জাতিক স্তরে উদ্বেগ তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
