নদিয়ায় কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রায় মর্মান্তিক মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রীর

নদিয়ার তাহেরপুর থানার বাদকুল্লা এলাকায় কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রায় যোগ দিয়ে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতার নাম দিয়া সরকার, যিনি স্থানীয় একটি হাই স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। শুক্রবার রাতে বাপুজি নগর এলাকার একটি বারোয়ারি পুজোর বিসর্জন শেষে ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, শোভাযাত্রার সঙ্গে থাকা একটি ইঞ্জিনভ্যানে জেনারেটর বসানো ছিল। অসাবধানতাবশত দিয়ার খোলা চুল সেই জেনারেটরের ইঞ্জিনের ঘূর্ণায়মান অংশে জড়িয়ে যায়। চুল পেঁচিয়ে যাওয়ায় তিনি জেনারেটরের ওপর পড়ে গিয়ে গুরুতর জখম হন। স্থানীয়রা তাঁকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে তাহেরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়। শনিবার সেখানে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পুলিশ বিসর্জনের কাজে ব্যবহৃত ইঞ্জিনভ্যান ও অন্যান্য গাড়ি আটক করেছে। ঘটনার পেছনে কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।
