ঘরেই তৈরি করুন সুস্বাদু কাঁচা পেঁপের ক্যান্ডি, জেনে নিন সহজ পদ্ধতি

কাঁচা পেঁপে দিয়ে বাড়িতেই খুব সহজে তৈরি করা যায় সুস্বাদু মিষ্টি ক্যান্ডি। এই পদটি বানাতে প্রয়োজন এক কেজি কাঁচা পেঁপে, ৭৫০ গ্রাম চিনি, চার কাপ জল এবং এক টেবিল চামচ লেবুর রস। প্রথমে পেঁপে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিতে হবে। এরপর ফুটন্ত জলে পেঁপের টুকরোগুলি পাঁচ থেকে সাত মিনিট সেদ্ধ করে জল ঝরিয়ে ঠান্ডা করে রাখতে হবে। খেয়াল রাখতে হবে যেন পেঁপে অতিরিক্ত সেদ্ধ না হয়ে যায়।
একটি কড়াইতে চিনি ও জল মিশিয়ে ঘন সিরা তৈরি করে নিতে হবে। সিরা তৈরি হয়ে এলে তাতে সেদ্ধ করা পেঁপের টুকরোগুলি দিয়ে কম আঁচে ১৫ থেকে ২০ মিনিট ঢেকে রান্না করতে হবে। পেঁপের টুকরোগুলি স্বচ্ছ ও নরম হয়ে এলে তাতে লেবুর রস মিশিয়ে আরও দুই মিনিট নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দিতে হবে। মিশ্রণটি ঠান্ডা হলে একটি ছাঁকনিতে রেখে অতিরিক্ত সিরা ঝরিয়ে নিতে হবে।
সবশেষে পেঁপের টুকরোগুলি একটি পরিষ্কার প্লেট বা ট্রেতে আলাদা করে ছড়িয়ে রোদে দুই থেকে তিন দিন ভালো করে শুকিয়ে নিতে হবে। ক্যান্ডিগুলো পুরোপুরি শুকিয়ে গেলে একটি বায়ুরোধী পাত্রে ভরে সংরক্ষণ করা যাবে। খুব কম উপকরণ ও সহজ পদ্ধতিতে তৈরি এই ঘরোয়া ক্যান্ডি ছোট-বড় সকলেরই ভালো লাগবে।
