ভিনরাজ্যে থেকেও শিকড়ের টানে মালদায় মাখনা শ্রমিকদের ছোট পুজোর আয়োজন

সংসারের প্রয়োজনে নিজের ভিটেমাটি ছেড়ে ভিনরাজ্যে পাড়ি দিলেও শিকড়ের টান ভোলেননি একদল মাখনা শ্রমিক। বিহারের দ্বারভাঙা থেকে মালদার হরিশ্চন্দ্রপুরে এসে কর্মরত এই শ্রমিকরা ২০১৭ সাল থেকে পিপলা বাসস্ট্যান্ড এলাকায় প্রতিবছর ছোট পুজোর আয়োজন করে আসছেন। কাজের হাজারো ব্যস্ততার মাঝেও নিজেদের ধর্মীয় পরম্পরা ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এই উদ্যোগ নিয়েছেন তাঁরা।
পিপলা বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত এই পুজোকে কেন্দ্র করে এখন সাজ সাজ রব। এলাকার বিভিন্ন মাখনা ফড়িতে কর্মরত প্রায় শতাধিক শ্রমিকের যৌথ উদ্যোগে প্যান্ডেল ও পুজোর ঘাট ফুল ও রঙিন আলোয় সাজিয়ে তোলা হয়েছে। বাড়ি থেকে শত শত মাইল দূরে থেকেও পুজোর কটা দিন সকলে মিলে একত্রিত হয়ে নিজেদের জন্মভূমির উৎসবের আবহ তৈরি করেন এই খেটে খাওয়া মানুষগুলো।
পুজোকে ঘিরে সাধারণ মানুষের জমায়েত ও শৃঙ্খলার কথা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ নজর দিয়েছে স্থানীয় প্রশাসন। শনিবার বিকেলে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সুমিত কুমার ঘোষ নিজে পুজোর মণ্ডপ ও ঘাট পরিদর্শন করেন। পুজো যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, তার জন্য আয়োজকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তিনি। ভিনরাজ্যের শ্রমিকদের এই উদ্যোগ ও প্রশাসনের তৎপরতা স্থানীয় এলাকায় বিশেষ আলোচনার সৃষ্টি করেছে।
