শীতের দুপুরে পাতে রাখুন রসুন-পালংয়ের সুস্বাদু পদ, জেনে নিন সহজ রেসিপি

শীতের মরশুমে বাজারে প্রচুর পরিমাণে পালং শাক পাওয়া যায়। এই শাক স্বাস্থ্যের জন্য যেমন উপকারী, তেমনই সুস্বাদু। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই খুব অল্প সময়ে তৈরি করা যায় রসুন দিয়ে পালং শাকের তরকারি। এই পদটি গরম ভাত কিংবা রুটির সঙ্গে পরিবেশনের জন্য অত্যন্ত উপযোগী।
রেসিপিটি তৈরির জন্য প্রয়োজন এক আটি পালং শাক, আট কোয়া রসুন, একটি মাঝারি পেঁয়াজ, দুটি কাঁচালঙ্কা, দুটি শুকনো লঙ্কা, আধ চা চামচ জিরে, হলুদ ও লঙ্কার গুঁড়ো, তিন টেবিল চামচ তেল বা ঘি এবং স্বাদমতো নুন। প্রথমে পালং শাক ভালো করে ধুয়ে জল ঝরিয়ে কুচিয়ে নিতে হবে। এরপর রসুন, পেঁয়াজ ও কাঁচালঙ্কাও কুচিয়ে প্রস্তুত রাখুন।
কড়াইতে তেল বা ঘি গরম করে জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিন। সুন্দর গন্ধ বেরোলে কুচোনো রসুন দিয়ে হালকা সোনালি করে ভেজে নিন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে কয়েক মিনিট নাড়াচাড়া করুন। পেঁয়াজ নরম হয়ে এলে কাঁচালঙ্কা, হলুদ ও লঙ্কার গুঁড়ো মিশিয়ে পালং শাক দিয়ে দিন। স্বাদমতো নুন দিয়ে মাঝারি আঁচে দশ মিনিট রান্না করুন। পালং শাক থেকে জল বেরোবে, তাই আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। শাক নরম হয়ে জল শুকিয়ে মাখো মাখো হয়ে এলে নামিয়ে নিন।
