বসিরহাটে মাছের পেটির আড়ালে কোটি টাকার ফেনসিডিল উদ্ধার, পলাতক পাচারকারী

উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানার বকুলতলা এলাকায় মাছের ব্যবসার আড়ালে ফেনসিডিল পাচারের একটি বড় ছক বানচাল করল বিএসএফ এবং বসিরহাট জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে যৌথ অভিযানে নেমে বিপুল পরিমাণ নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করেছেন জওয়ান ও পুলিশ আধিকারিকরা। উদ্ধার হওয়া এই মাদকের বাজারমূল্য কোটি টাকারও বেশি বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।
অভিযুক্ত পাচারকারী মোমিন মোল্লার বাড়িতে তল্লাশি চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়। মোমিন ওই এলাকায় মাছের ভেড়ির ব্যবসার সঙ্গে যুক্ত। অভিযোগ, মাছের পিন সাপ্লাইয়ের আড়ালে দীর্ঘদিন ধরে তিনি এই অবৈধ কারবার চালিয়ে আসছিলেন। থার্মোকলের পেটির ভেতরে মাছের আড়ালে অত্যন্ত কৌশলে ফেনসিডিলের বোতলগুলো লুকিয়ে রাখা হয়েছিল, যা দেখে প্রাথমিকভাবে মাছের বাক্স বলেই মনে হচ্ছিল।
প্রায় ১০ ঘণ্টা ধরে চলা এই যৌথ অভিযানে বকুলতলা এলাকার একাধিক বাড়িতে তল্লাশি চালানো হয়। উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ ফেনসিডিল বসিরহাটের বিভিন্ন সীমান্ত পথ দিয়ে বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পাচারকারী পলাতক। পুলিশ ও বিএসএফ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
