ঘি খাঁটি কি না তা বোঝার সহজ উপায়

রান্নায় ব্যবহৃত ঘি খাঁটি কি না, তা নিয়ে অনেকেরই সংশয় থাকে। তবে কোনো ল্যাবরেটরির সাহায্য ছাড়াই ঘরের সাধারণ কিছু উপকরণের মাধ্যমে ঘিয়ে ভেজাল আছে কি না, তা যাচাই করা সম্ভব। হাতের তালুতে এক চামচ ঘি নিয়ে দেখুন। খাঁটি ঘি শরীরের স্বাভাবিক উত্তাপে দ্রুত গলে যায়, কিন্তু বনস্পতি মেশানো থাকলে তা গলতে সময় নেয় বা মোমের মতো জমাট বেঁধে থাকে। এছাড়া এক গ্লাস সাধারণ তাপমাত্রার জলে এক চামচ ঘি ছেড়ে দিলে খাঁটি ঘি জলের ওপর ভেসে থাকে, আর ভেজাল ঘি নিচে থিতিয়ে পড়ে বা জল ঘোলা করে দেয়।
ঘি খাঁটি কি না তা বোঝার আরও একটি উপায় হলো ফ্রিজে রাখা। গলানো ঘি কাচের পাত্রে ঢেলে দুই-তিন ঘণ্টা ফ্রিজে রাখলে খাঁটি ঘি দানাদার হয়ে যায়, কিন্তু ভেজাল ঘি মসৃণ ও শক্ত থাকে। এছাড়া সামান্য গলানো ঘিয়ে কয়েক ফোঁটা আয়োডিন দ্রবণ মেশালে যদি মিশ্রণটি নীল বা বেগুনি রঙের হয়ে যায়, তবে বুঝতে হবে তাতে স্টার্চ বা আলু মেশানো হয়েছে। অ্যাসিড ও চিনির মিশ্রণ ব্যবহার করেও বনস্পতির উপস্থিতি শনাক্ত করা যায়, তবে এই পরীক্ষায় অত্যন্ত সতর্ক থাকা প্রয়োজন।
ঘি কেনার সময় প্যাকেটের গায়ে উপাদানের তালিকায় নজর দেওয়া জরুরি। সেখানে শুধুমাত্র মিল্ক ফ্যাট বা ক্রিম থেকে তৈরি মাখনের উল্লেখ থাকা উচিত। কোনোভাবেই এডিবল ভেজিটেবল অয়েল ব্লেন্ড লেখা থাকলে তা এড়িয়ে চলাই ভালো। এছাড়া প্যাকেটে এফএসএসএআই লাইসেন্স নম্বর এবং অ্যাগমার্ক শংসাপত্র আছে কি না, তা অবশ্যই যাচাই করে নিন। ঘিয়ের স্বাভাবিক সুবাস মিষ্টি ও বাদামের মতো হয়; কোনো কড়া রাসায়নিক বা উগ্র গন্ধ পেলে তা ভেজালের লক্ষণ হতে পারে।
