মহাকাশে রহস্যময় বিস্ফোরণ: বারবার জ্বলে ওঠা বিশাল তারার নেপথ্যে কৃষ্ণগহ্বর?

মহাকাশে অবস্থিত বিশাল এক নক্ষত্র ‘এটি ২০১৬বিএলইউ’ (AT2016blu) নিয়ে নতুন তথ্য সামনে এনেছেন নাসার বিজ্ঞানীরা। পৃথিবী থেকে ৩ কোটি আলোকবর্ষ দূরে এনজিসি ৪৫৫৯ নক্ষত্রপুঞ্জে অবস্থিত এই নক্ষত্রটি গত ১৫ বছর ধরে অদ্ভুত আচরণ করছে। সূর্য থেকে ৩৩ গুণ বেশি ভরের এই নক্ষত্রটি মাঝেমধ্যেই উজ্জ্বল হয়ে ওঠে এবং পরে নিভে যায়। চন্দ্র এক্স-রে টেলিস্কোপের তথ্য বিশ্লেষণ করে গবেষকরা জানিয়েছেন, নিয়মিত বিরতিতে এই নক্ষত্র থেকে শক্তিশালী বিস্ফোরণ ঘটে।
গবেষকদের মতে, এই নক্ষত্রটির সঙ্গী হিসেবে রয়েছে একটি কৃষ্ণগহ্বর বা নিউট্রন নক্ষত্র। তারা একে অপরকে প্রদক্ষিণ করার সময় প্রতি ১১৩ দিন অন্তর কাছাকাছি চলে আসে। সেই সময় সঙ্গী কৃষ্ণগহ্বর বা নিউট্রন নক্ষত্রটি মূল নক্ষত্র থেকে পদার্থ টেনে নেয়। এই প্রক্রিয়ায় নির্গত পদার্থের গতি আলোর গতির কাছাকাছি পৌঁছালে তা প্রচণ্ড উত্তপ্ত হয়ে এক্স-রে রশ্মি বিকিরণ করে, যা দূর থেকে উজ্জ্বল আলোর ঝলকানি হিসেবে ধরা দেয়।
দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে প্রকাশিত এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের মজগান আঘাখানলু। ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে নক্ষত্রটিতে ২৭ বার এমন বিস্ফোরণ রেকর্ড করা হয়েছে। আগে ধারণা করা হতো নক্ষত্রের চারপাশের গ্যাস উত্তপ্ত হওয়ার কারণে এমনটি ঘটে, তবে আধুনিক টেলিস্কোপের তথ্য সেই ধারণা বদলে দিয়েছে। এটিই প্রথম ঘটনা যেখানে কোনো নক্ষত্রের সঙ্গী হিসেবে কৃষ্ণগহ্বর বা নিউট্রন নক্ষত্রের উপস্থিতিতে এমন এক্স-রে নির্গমন স্পষ্টভাবে চিহ্নিত করা সম্ভব হয়েছে।
