থাইল্যান্ডের ফুকেতে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত অন্তত ১১

থাইল্যান্ডের ফুকেতে সোমবার ভোরে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় ভোর ৩টে নাগাদ একটি দোকানঘরে আগুন লাগে। সেখান থেকে দ্রুত আগুন আশপাশের ভবনগুলিতে ছড়িয়ে পড়ে। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে কোনো পর্যটক নেই।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, যে দোকানঘর থেকে আগুনের সূত্রপাত হয়, তার নীচতলায় প্রায় ১০০টি বাইক পার্ক করা ছিল। বাইকের টায়ার ও প্লাস্টিকের যন্ত্রাংশ দাহ্য হওয়ায় আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে। এই ঘটনায় অন্তত পাঁচটি দোকানঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধোঁয়ায় শ্বাসরোধ হওয়ার ফলেই অধিকাংশের মৃত্যু হয়েছে।
এই দুর্ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ১৫ জন থাইল্যান্ডের নাগরিক এবং একজন মায়ানমারের বাসিন্দা। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়, তবে প্রাথমিক অনুসন্ধানে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। ফুকেতের গভর্নর জানিয়েছেন, দোকানটির সামনের একটি বিদ্যুতের খুঁটি থেকে শর্ট সার্কিট হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুরো বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
