মালদা মেডিক্যাল কলেজের কাজে জেলা প্রশাসনের নজরদারি, ক্ষুব্ধ চিকিৎসকদের একাংশ

মালদা মেডিক্যাল কলেজের কাজে জেলা প্রশাসনের নজরদারি, ক্ষুব্ধ চিকিৎসকদের একাংশ

মালদা মেডিক্যাল কলেজের প্রশাসনিক কাজকর্ম ও রোগী পরিষেবার মান খতিয়ে দেখতে বিশেষ নজরদারি দল গঠন করল জেলা প্রশাসন। জেলাশাসক রাজনবীর সিংহ কপূরের জারি করা নির্দেশিকা অনুযায়ী, সপ্তাহের চার দিন চারজন প্রশাসনিক আধিকারিক মেডিক্যাল কলেজের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করবেন। এই আধিকারিকদের প্রতিদিনের পরিদর্শনের রিপোর্ট অতিরিক্ত জেলাশাসকের (স্বাস্থ্য) কাছে জমা দিতে হবে। এছাড়া প্রতি বুধবার অতিরিক্ত জেলাশাসক নিজে মেডিক্যাল কলেজ পরিদর্শন করবেন বলে জানানো হয়েছে।

প্রশাসনের এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই চিকিৎসক মহলে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। চিকিৎসকদের একাংশের মতে, একটি সরকারি মেডিক্যাল কলেজের প্রশাসনিক প্রধান হলেন অধ্যক্ষ এবং তাঁর অধীনেই হাসপাতালের দৈনন্দিন কাজকর্ম পরিচালিত হয়। কোনো অনিয়ম বা পরিষেবার ঘাটতি থাকলে তা দেখার দায়িত্ব স্বাস্থ্য দফতর বা রাজ্য স্বাস্থ্য ভবনের। এর আগে শিশুমৃত্যুর ঘটনার পর স্বাস্থ্য ভবন থেকে প্রতিনিধি দল পাঠিয়ে পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছিল, যা স্বাস্থ্য দফতরের নিজস্ব প্রশাসনিক কাঠামোর অংশ।

অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর্সের দাবি, জেলা প্রশাসনের এই পদক্ষেপ স্বাস্থ্য প্রশাসনের এক্তিয়ারে হস্তক্ষেপের শামিল। তাদের মতে, স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে স্বাস্থ্য দফতরের নিজস্ব পরিকাঠামো রয়েছে, তার বাইরে গিয়ে জেলা প্রশাসনের আধিকারিকদের দিয়ে নজরদারি চালানো যুক্তিহীন। ন্যাশনাল মেডিকোজ অর্গানাইজেশনের পক্ষ থেকেও এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। চিকিৎসকদের একাংশের মতে, কোনো নির্দিষ্ট কারণ ছাড়া এভাবে প্রশাসনিক নজরদারি চালানোর বিষয়টি স্পষ্ট হওয়া প্রয়োজন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *