বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে অতি প্রবল ঘূর্ণিঝড়, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে অতি প্রবল ঘূর্ণিঝড়, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণ-পূর্ব এবং তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১৭ নভেম্বর এটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপর ২০ নভেম্বর সকালে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের নেলোর এবং টুনির মধ্যবর্তী অঞ্চল দিয়ে এটি অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে স্থলভাগে প্রবেশ করতে পারে। স্থলভাগে আছড়ে পড়ার সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার এবং দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ১৪০ থেকে ১৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

এই ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়াতেও বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

আবহাওয়া দফতর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে। শনি ও রবিবারও বৃষ্টির রেশ বজায় থাকতে পারে। সপ্তাহান্তে সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে হাওয়া অফিস। মৎস্যজীবী এবং উপকূলবর্তী ও নদীতীরবর্তী অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *